১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মাদারীপুরে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ, ৪ ঘণ্টায় শতাধিক হাতবোমা বিস্ফোরণ

মুহুর্মুহু হাতবোমা বিস্ফোরণের কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ছড়িয়ে পড়লে মুহূর্তেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বিডিনিউজ২৪

মাদারীপুর প্রতি‌নি‌ধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2026, 03:57 PM

Updated : 26 Aug 2026, 03:00 PM

মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আবারও সংঘর্ষে জড়িয়েছে দুই পক্ষ। টর্চ লাইট জ্বালিয়ে চলা এ সংঘর্ষে শতাধিক হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত দুইজন আহত হয়েছেন। 

শনিবার রাত ৯টা থেকে রাত ১টা পর্যন্ত টানা চার ঘণ্টা সদর উপজেলার নতুন মাদারীপুর গ্রামে এ সংঘর্ষ চলে বলে জানিয়েছেন মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ। 

এ সময় মুহুর্মুহু হাতবোমা বিস্ফোরণের কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ছড়িয়ে পড়লে মুহূর্তেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে নতুন মাদারীপুর গ্রামের আক্তার হাওলাদার ও হাসান মুন্সির মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছে। এর জেরে প্রায়ই দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। 

এর ধারাবাহিকতায় শনিবার রাতেও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়, যা টানা চার ঘণ্টা চলে। সংঘর্ষে অন্তত দুইজন আহত হন।

খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

ওসি আবুল কালাম আজাদ বলেন, মূলত এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষ প্রায়ই সংঘর্ষে জড়ায়। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করায় পুলিশ মোতায়েন করা হয়েছে। 

ওসি আরও বলেন, এ ঘটনায় রোববার দুপুর পর্যন্ত কোনো মামলা দা‌য়ের হয়‌নি। তবে আইনগত প্রক্রিয়া চলমান র‌য়ে‌ছে।