Published : 12 Feb 2026, 04:40 PM
মুন্সীগঞ্জ-৩ আসনের সদর উপজেলার মাকহাটি গুরুচরণ উচ্চ বিদ্যালয় কেন্দ্রের কাছে কয়েক দফায় মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ হয়েছে। এতে কেন্দ্রটির ভোটগ্রহণ বিঘ্নিত হয়।
এ ঘটনায় পাঁচ জনকে গ্রেপ্তার ও একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন সেনাবাহিনীর ক্যাপ্টেন জুবায়ের আহমেদ অর্ণব।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, ফুটবল ও ধানের শীষ সমর্থকদের মধ্যে কেন্দ্রের আধিপত্য বিস্তার নিয়ে এই বিস্ফোরণ ঘটে।
প্রথমে সোয়া ১০টায় ককটেল বিস্ফোরণের পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপরতা বৃদ্ধি করা হয়। কিন্তু বেলা ১২টার দিকে আবারও দুই দফা ককটেল বিস্ফোরণ হয়।

এ সময় সেনাবাহিনীর সদস্যরা ছুটে এলে তারা আলুর জমিতে দৌড়ে পালানোর চেষ্টা করে হামলা সেনাবাহিনী ধাওয়া করে পাঁচজনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তাররা হলেন, রহমত মাঝি (৪২), পারভেজ মাঝি (২৭), মো. কামাল (৩৭), আরশাদ মাঝি ও সালিম মাঝি।
কেন্দ্রটির প্রিজাইডিং অফিসার তীতুমির বলেন, প্রথম দফা ককটেল বিস্ফোরণের পর কিছুক্ষণ বন্ধ রাখার পর বেলা সোয়া ১০টা থেকে আবার কেন্দ্রটিতে ভোট গ্রহণ শুরু হয়। এখন ভোট গ্রহণ চলছে।
এছাড়া ককটেল বিস্ফোরণের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। মানুষজনের দৌড়াদৌড়ি শুরু হলে কেন্দ্রের মূল ফটক বন্ধ করে দেওয়া হয়। অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী আসার পর ৭-৮ মিনিট পর খুলে দেওয়া হয়।
খবর পেয়ে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী ও পুলিশ সুপার মো. মেনহাজুল আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
সদর থানার ওসি মমিন আলী বলেন, কেন্দ্রটিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।