২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে পুড়ল ১৭ দোকান

কাদিরদী বাজারে এ ঘটনা ঘটে বলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বোয়ালমারী স্টেশনের লিডার খালেক শেখ জানান।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2025, 11:03 AM

Updated : 26 Aug 2026, 02:30 PM

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় অগ্নিকাণ্ডে ১৭টি দোকান পুড়ে গেছে। 

শনিবার রাত সোয়া ১০টার দিকে কাদিরদী বাজারে এ ঘটনা ঘটে বলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বোয়ালমারী স্টেশনের লিডার খালেক শেখ জানান।

ফায়ার সার্ভিস জানায়, আগুনে বাচ্চু মোল্যার মার্কেট, আজিজ মোল্যার মার্কেটসহ চারটি মার্কেটের মনোহারি, ওষুধ, টেইলার্স, বীজ ভাণ্ডার, জুতার দোকান, রেস্তোরাঁসহ ১৭টি দোকান পুড়ে গেছে। 

মধুখালী ও বোয়ালমারী ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। 

স্থানীয় অবসরপ্রাপ্ত সেনাসদস্য মনির হোসেন বলেন, “ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে চলে যাওয়ায় বাজারে পাহারাদার ছাড়া বেশি লোকজন ছিল না। আগুনের শোরগোল শুনে বাড়ি থেকে দৌড়ে গিয়ে দেখি কয়েকটি দোকানে আগুন ছড়িয়ে পড়েছে। পাশে আমারও কয়েকটি দোকান রয়েছে। তবে আমার দোকানের ক্ষয়ক্ষতি হয়নি।” 

স্থানীয় ইউপি সদস্য বুলবুল হোসেন বলেন, “ধারণা করা হচ্ছে, নাসির দর্জির দোকান থেকে শর্ট সার্কিটের মাধ্যমে আগুনে সূত্রপাত হয়েছে। ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন লাগার প্রায় এক ঘণ্টা পর আসে। তারপরও ফায়ার সার্ভিসের লোকজন না আসলে হয়তো বাজারের অনেকংশই পুড়ে যেত।”

মধুখালী ফায়ার সার্ভিসের ইনচার্জ রাশেদুল আলম বলেন, “ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ পরে জানা যাবে।”