২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়া-১: কলার ছড়িকে সমর্থন দিয়ে সরে দাঁড়াল লাঙ্গল

সমর্থন জানিয়ে কলার ছড়ির প্রার্থীর বাড়িতে রাখা লাঙ্গলের প্রার্থীর বক্তব্যের একটি ভিডিও ফেইসবুকে ছড়িয়ে পড়েছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2023, 01:50 PM

Updated : 25 Dec 2023, 01:50 PM

ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে এবার কলার ছড়িকে সমর্থন দিয়ে জাতীয় পার্টির লাঙ্গলের প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কথা বলছেন।

গত রোববার দুপুরে নিজ সমর্থকদের সঙ্গে নিয়ে কলার ছড়ি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এস এ কে একরামুজ্জামানের বাসায় যান। সমর্থন জানিয়ে তার পক্ষে ভোট চান লাঙ্গলের প্রার্থী ও নাসিরগর উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক শাহানুল করিম ওরফে গরীবুল্লাহ সেলিম।

আসনটিতে দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন নাসিরনগর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি রুমা আক্তার এবং সাবেক সাধারণ সম্পাদক এটিএম মনিরুজ্জামান সরকার। কিন্তু দল প্রার্থী না করলে স্বতন্ত্র হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন ওই দুই আওয়ামী নেতা। যদিও মনোনয়নপত্রই যাচাই-বাছাই শেষে এক শতাংশ ভোটার স্বাক্ষরিত তালিকায় গরমিলিলের কারণে দুজনের প্রার্থিতাই বাতিল হয়ে যায়। পরে তারা নৌকার প্রার্থীর বিপক্ষে গিয়ে কলার ছড়ির একরামুজ্জামানকে প্রকাশ্যে সমর্থন জানান।

এদিকে, দীর্ঘদিন বিএনপির রাজনীতি করা একরামুজ্জামান গত নভেম্বরে দল থেকে বহিষ্কার হন।

দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশ নেওয়ায় দলের চেয়ারপারসনের উপদেষ্টার পদসহ প্রাথমিক সদস্য পদ থেকে তাকে বহিষ্কার করা হয়।

একসময় আওয়ামী লীগের রাজনীতি করা একরামুজ্জামান আরএকে সিরামিকসের ব্যবস্থাপনা পরিচালক। তার বড়ভাই সৈয়দ একে আনোয়ারুজ্জামান স্টার সিরামিকসের চেয়ারম্যান।

একরামুজ্জামানকে সমর্থন দেওয়ার বিষয়ে জানতে জাতীয় পার্টির প্রার্থী শাহানুল করিমের মোবাইল ফোন নম্বরে একাধিকবার কল করেও তা বন্ধ পাওয়া গেছে।

তবে সমর্থন জানিয়ে একরামুজ্জামানের বাড়িতে রাখা শাহানুলের বক্তব্যের একটি ভিডিও ক্লিপ ইতোমধ্যে ফেইসবুকে ছড়িয়ে পড়েছে।

ওই বক্তব্যে শাহানুল বলেন, “দেখলাম, মানুষের মাঝে আমাদের প্রিয় বড়ভাই সৈয়দ একে একরামুজ্জামানকে নিয়ে একটি উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। আমি পর্যবেক্ষণ করেছি। আমি কিন্তু নিজের প্রচারণায় নামি নাই। কারণ, আমি দেখতে চাচ্ছিলাম, মানুষ যেদিকে… আমার মূল বক্তব্য হল, কারো না কারো মাধ্যমে মানুষের উপকার হলেই আমি এই কাজটা করতাম। আমি দেখলাম, তিনি অনেক যোগ্যতাসম্পন্ন লোক, বাংলাদেশে দুই-তিনজনের মধ্যে একজন এবং ভালো মানুষ।”

শাহানুল করিম আরও বলেন, “যেখানে সমাজের সকল মানুষ ঐক্যবদ্ধ হয়েছে, আমি তো আর একা একা বসে থাকতে পারি না। দলমত নিয়ে ঐক্যবদ্ধ হয়েছি, ভাইকে (একরামুজ্জামান) এমপি বানানোর জন্য। তাহলে আমাদের কী করতে হবে! জাতীয় পার্টির নেতা-কর্মী যেখানে আছেন, সবাইকে বলবেন যে, আমি বলছি, ঘরে ঘরে গিয়ে কলার ছড়ি মার্কায় ভোট চাইতে।”

জাতীয় পার্টির প্রার্থীর সমর্থন পেয়ে নিজের প্রতিক্রিয়ায় শাহানুল করিম ও তার সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান সৈয়দ একরামুজ্জামান।

এ দুজন ছাড়াও ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে আওয়ামী লীগ প্রার্থী বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির বকুল হোসেন এবং ইসলামি ফ্রন্টের প্রার্থী ইসলাম উদ্দিন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আরও পড়ুন:

পুরনো খবর:

ব্রাহ্মণবাড়িয়া-৫: নৌকাকে সমর্থন দিয়ে সরে দাঁড়াল ঈগল