ছাত্র আন্দোলন: গাজীপুরে কলেজছাত্র হত্যা মামলায় কনস্টেবল গ্রেপ্তার
হৃদয় ৫ অগাস্ট কোনাবাড়ী এলাকায় গুলিতের নিহত হন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গাজীপুরের কোনাবাড়ীতে কলেজছাত্র নিহতের ঘটনায় হত্যা মামলায় এক কনস্টেবলকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার রাতে কিশোরগঞ্জের পারাইল এলাকা থেকে মো. আকরাম হোসেন নামে ওই কনস্টেবলকে গ্রেপ্তার করা হয়। পরে শনিবার তাকে কারাগারে পাঠানো হয়েছে বলে গাজীপুর মহানগর পুলিশের কোনাবাড়ী জোনের সহকারী কমিশনার সুবীর কুমার সাহা।
আকরাম (২২) গাজীপুর শিল্প পুলিশে কর্মরত ছিলেন।
তাকে টাঙ্গাইলের গোপালপুরের আলমগর গ্রামের লাল মিয়ার ছেলে মো. হৃদয় মিয়া (২০) হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। হৃদয় টাঙ্গাইলের হেমনগর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির ছাত্র ছিলেন। লেখাপড়ার পাশাপাশি তিনি কোনাবাড়ী এলাকায় বসবাস করে অটোরিকশা চালাতেন।
৫ অগাস্ট সরকার পতনের দিন কোনাবাড়ি এলাকায় গুলিতে নিহত হন তিনি।
এ ব্যাপারে নিহতের ফুফাতো ভাই মো. ইব্রাহীম বাদী হয়ে কোনোবাড়ী থানায় একটি হত্যা মামলা করেন।
মামলার বরাতে পুলিশ জানায়, হৃদয়কে ওইদিন পুলিশ রাস্তার পাশ থেকে ধরে নিয়ে চড়থাপ্পড় মারে। একপর্যায়ে কনস্টেবল আকরাম অতি উৎসাহী হয়ে পেছন দিক থেকে গুলি করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
গাজীপুর মহানগর পুলিশের সহকারী কমিশনার সুবীর কুমার সাহা বলেন, এ ঘটনায় জড়িত অন্যদেরও গ্রেপ্তার করা হবে।
