Published : 21 Jul 2026, 07:09 PM
গাজীপুর মহানগর আদালতে নেওয়ার সময় পুলিশ হেফাজত থেকে পালিয়ে যাওয়া এক আসামিকে আবার গ্রেপ্তার করেছে র্যাব ও পুলিশের যৌথ দল।
সোমবার রাতে ময়মনসিংহ শহরের কোতোয়ালি থানার কাশর এলাকা থেকে সম্রাট (২৭) নামে ওই আসামিকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন গাজীপুর মহানগর পুলিশের কমিশনার মোহাম্মদ ইসরাইল হাওলাদার।
সম্রাটের বাড়ি জামালপুরে। তিনি গাজীপুর মহানগরের গাছা বোর্ডবাজার এলাকায় থাকেন।
পুলিশ জানায়, র্যাব ও পুলিশ সদস্যরা তথ্য-প্রযুক্তির সহায়তায় সম্রাটের অবস্থান নিশ্চিত করে কাশর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
এর আগে ডাকাতি মামলায় রোববার র্যাবের সহায়তায় সম্রাটকে গ্রেপ্তার করা হয়েছিল। একই মামলায় আমিন (২৮) নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, সোমবার ছয় আসামিকে হাতকড়া পরিয়ে আদালতে নেওয়া হয়। আদালতের গারদখানায় আসামিদের বুঝে নেওয়ার সময় ভিড়ের মধ্যে সম্রাট হাতকড়া খুলে দৌড়ে পালিয়ে যান।
পুলিশ সদস্যরা তাকে ধরার চেষ্টা করলেও ধরতে পারেননি।
এ ঘটনায় গাজীপুর সদর মেট্রো থানায় দণ্ডবিধির ২২৪ ধারায় (আইনসম্মত হেফাজত থেকে পলায়ন) একটি মামলা করা হয় বলে জানান থানার ওসি মো. আমিনুল ইসলাম।
তিনি বলেন, সম্রাটের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তাকে পুনরায় গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গাজীপুর মহানগর পুলিশের কমিশনার মোহাম্মদ ইসরাইল হাওলাদার বলেন, আসামি পালানোর ঘটনাটি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। কীভাবে তিনি পালাতে সক্ষম হয়েছেন, তা খতিয়ে দেখা হচ্ছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: