Published : 20 Jul 2026, 11:44 PM
গাজীপুর আদালত চত্বর থেকে ডাকাতি মামলার এক আসামি পালিয়ে গেছে বলে পুলিশ জানিয়েছে।
সোমবার দুপুরে এ ঘটনা ঘটে বলে গাজীপুর সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. মেহেদী হাসান জানান।
পালিয়ে যাওয়া আসামি সম্রাটের (২৭) গ্রামের বাড়ি জামালপুরে। তিনি গাজীপুর মহানগরের গাছার বোর্ড বাজার এলাকায় বসবাস করতেন।
পুলিশ জানায়, ডাকাতি মামলার সন্দেহভাজন আসামি হিসেবে রোববার র্যাবের সহায়তায় সম্রাটকে গ্রেপ্তার করে পুলিশ। তার সঙ্গে একই মামলার আসামি আমিনকেও (২৮) গ্রেপ্তার করা হয়।
দুপুরে থানা থেকে মোট ছয় আসামিকে হাতকড়া পরিয়ে আদালতে পাঠানো হয়। এ সময় আদালতের গারদখানায় আসামিদের বেশ ভিড় ছিল। সেখানে লাইনে দাঁড় করিয়ে আসামি বুঝে নিচ্ছিলেন গারদখানার পুলিশ সদস্যরা। ছয় আসামিও সেই লাইনে দাঁড়ানো ছিলেন।
কিন্তু তার মধ্যেই কোনো একসময় হাতকড়া ছাড়িয়ে পালিয়ে যান সম্রাট।
গাজীপুর সদর থানার ওসি মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, পুলিশের একাধিক দল তাকে গ্রেপ্তারে বিভিন্ন এলাকায় অভিযান চালাচ্ছে।