২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি গঠন নিয়ে সংঘর্ষ

সভায় তুচ্ছ ঘটনা নিয়ে দুপক্ষের বাকবিতণ্ডার এক পর্যায়ে হাহাতির ঘটনা ঘটে বলে জানায় পুলিশ।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2024, 11:23 PM

Updated : 26 Aug 2026, 10:58 AM

ব্রাহ্মণবাড়িয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি গঠন নিয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুইজন আহত হয়েছেন। 

শনিবার বিকালে শহরের গভ. মডেল গার্লস হাই স্কুলে এ ঘটনা ঘটে বলে জানান ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মোজাফফর হোসেন।

আহত বোরহান উদ্দিন (২১) এবং ফয়সালকে (২৭) প্রথমে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল ও পরে শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও শিক্ষার্থীরা জানান, কেন্দ্রীয় নির্দেশ অনুযায়ী বিকালে স্কুল মাঠে সভার আয়োজন করা হয়। সভায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষ বাকবিতণ্ডায় জড়ায়। এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এতে দুইজন আহত হন।

তবে মারামারির বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেউ কথা বলতে রাজি না হওয়ায় বক্তব্য পাওয়া যায়নি।

ওসি মোজাফফর হোসেন জানান, আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এ ঘটনায় কোনও পক্ষই থানায় অভিযোগ করেনি।