নোয়াখালীতে দাঁড়িপাল্লার নির্বাচনি কার্যালয়ে অগ্নিসংযোগের অভিযোগ
আগুনে ওই কার্যালয়ে থাকা একটি ইজিবাইক আগুনে পুড়ে যায়।
নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনে জামায়াতের প্রার্থী বোরহান উদ্দিনের দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনি কার্যালয়ে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে।
শনিবার ভোর রাতের দিকে উপজেলার ১৩নং রসুলপুর ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডে দীনেশগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন বেগমগঞ্জ থানার ওসি সামছুজ্জামান।
আগুনে ওই কার্যালয়ে থাকা একটি ইজিবাইক আগুনে পুড়ে যায়। গাড়িটির মালিক জামায়াতে শ্রমিক সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের রসুলপুর ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক মো. ফয়সাল।
তিনি বলেন, প্রতিদিনের মতো রাতে কার্যালয়ের ভেতরে ইজিবাইক রেখে বাইরে থেকে বন্ধ করে যান তারা। ভোর রাতের দিকে কার্যালয়ে আগুন লাগার খবর পান তারা। এসে দেখেন অটোরিকশাটি পুড়ে গেছে।
ফয়সালের অভিযোগ, জামায়াতের দাঁড়িপাল্লার পক্ষে কাজ করার কারণে প্রতিহিংসার বশবর্তী হয়ে কেউ অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে। এ ঘটনায় জড়িতদের বিচার দাবি করেন তিনি।
ওসি সামছুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
