মহাসড়কে পড়েছিল তরুণ-তরুণীর লাশ, পাশে বাইক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার লাঙ্গলবন্দে এ ঘটনা ঘটে বলে জানায় পুলিশ।
নারায়ণগঞ্জ বন্দর উপজেলার মহাসড়ক থেকে তরুণ-তরুণীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ সময় মরদেহের পাশে একটি মোটরসাইকেল পড়েছিল।
মঙ্গলবার বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উপজেলার লাঙ্গলবন্দ এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয় বলে কাঁচপুর হাইওয়ে থানার ওসি রেজাউল হক৷
তিনি বলেন, “ধারণা করা হচ্ছে, সড়ক দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়েছে। তবে, মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়েছিল, নাকি কোনো যানবাহনের ধাক্কায় এ ঘটনা ঘটেছে তা নিশ্চিত হওয়া যায়নি।”
নিহত দুজন হলেন- জামালপুর জেলার অন্তর (২৩) এবং পটুয়াখালী জেলার তানজিয়া (১৭)৷ তাদের বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ৷
ঘটনাস্থলে যাওয়া কাঁচপুর হাইওয়ে থানার এসআই এস এম সৌরভ হোসেন বলেন, চট্টগ্রামমুখী লেন থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনার কোনো প্রত্যক্ষদর্শী পাওয়া যায়নি৷
“তবে, নিহত দুজন একটি মোটরসাইকেলের আরোহী ছিলেন তা নিশ্চিত করা গেছে৷ তারা ঘটনাস্থলেই মারা যান৷ মোটরসাইকেলটি পুলিশের হেফাজতে রয়েছে৷”
এসআই বলেন, “তারা কীভাবে মারা গেছে তা তদন্তের পর তা জানা যাবে৷ তবে প্রাথমিকভাবে দেখা গেছে, ভারী কোনো যানবাহন তাদের শরীরে উপর দিয়ে গেছে৷”
পুলিশ জানায়, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে৷ পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে৷
