২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদযাত্রায় জট বাধতে পারে গাজীপুরের ৯ জায়গায়

ভাসমান বাজার, ব্যাটারিচালিত রিকশা চলাচল, অবৈধ স্থাপনা, যত্রতত্র পার্কিং ও যাত্রী ওঠা-নামার কারণে এসব স্থানে যানজটের আশঙ্কা দেখা দিয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2026, 12:15 AM

Updated : 11 Sep 2026, 03:18 PM

আসন্ন ঈদযাত্রায় গাজীপুর মহানগর ও জেলার কমপক্ষে নয়টি স্থানে যানজটের শঙ্কা রয়েছে। ভাসমান বাজার, ব্যাটারিচালিত রিকশার অবাধ চলাচল, অবৈধ স্থাপনা, যত্রতত্র পার্কিং ও যাত্রী ওঠা-নামার কারণে এই আশঙ্কা দেখা দিয়েছে।

তবে যানজট নিরসনে রোজার ঈদের মতো এবারও পুরো প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন পুলিশ, ট্রাফিক বিভাগ ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। 

রাজধানী ঢাকার পাশ্ববর্তী ও শিল্প-কারখানায় পরিপূর্ণ এ জেলা ও মহানগরীর মধ্য দিয়ে যাওয়া ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ধরে উত্তরবঙ্গের প্রায় ৩২টি জেলার মানুষ চলাচল করে। 

সাধারণ দিনেই এসব মহাসড়কের বেশ কিছু স্থানে ছোটখাটো যানজটে পড়তে হয়। কিন্তু ঈদ যাত্রায় যানবাহনের চাপ বেড়ে গেলে তা ঘরমুখো মানুষের বড় ধরনের ভোগান্তির কারণ হয়ে দাঁড়াতে পারে। 

দুই মহাসড়ক ঘুরে পরিবহন শ্রমিক ও স্থানীয় লোকজনদের সঙ্গে আলাপকালে এবার মোট নয়টি স্পটে যানজটের দুর্ভোগের পড়ার শঙ্কা আছে বলে জানা গেছে। 

এর মধ্যে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাজীপুরের টঙ্গী স্টেশন রোড, কলেজ গেট, বোর্ডবাজার, ভোগরা বাইপাস, চান্দনা চৌরাস্তা, মাস্টার বাড়ি বাজার ও রাজেন্দ্রপুর চৌরাস্তায় এবং ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের জিরানী বাসস্ট্যান্ডে, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড়ে যানজটে পড়া নিয়ে উদ্বেগ জানিয়েছেন তারা। 

পরিবহন শ্রমিকরা বলছেন, প্রতিবছর ঈদ যাত্রায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের যানবহনগুলো ঢাকার মহাখালী, গাবতলী থেকে বের হয়ে গাজীপুর মহানগরের জিরানী বাসস্ট্যান্ডে সবচেয়ে বেশি যানজটের কবলে পড়ে। এই এলাকায় কয়েক মিনিটের পথ পাড়ি দিতে দুই থেকে তিন ঘণ্টার বেশি সময় লেগে যায়। 

এছাড়া উড়াল সেতু চালু হওয়ার পর থেকে মহাসড়কের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড়ে গাজীপুরমুখী যানবাহনের যানজট কিছুটা কমেছে। কিন্তু উড়াল সেতুর নিচে উত্তরাঞ্চলগামী লেন সংকুচিত হয়ে যাওয়ায় নবীনগর থেকে চন্দ্রামুখী যানবাহনগুলো আটকে গিয়ে যানবাহনের দীর্ঘ লাইন সৃষ্টি হয়।

বৃহস্পতিবার সরেজমিনে গিয়ে দেখা গেছে, চন্দ্রায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে আছে বিভিন্ন রুটের বাসের কয়েকশ কাউন্টার। ঈদযাত্রা শুরু হলে মহাসড়কের পাশে বাস থামিয়ে এসব কাউন্টার থেকে যাত্রী তোলা হয়। এতেও সৃষ্টি হয় দীর্ঘ যানজট।

অপরদিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ভাসমান বাজার ও ব্যাটারি চালিত রিকশার অবাধ চলাচলের পাশাপাশি বেহাল সড়কের কারণে যানবাহন চলাচলে ধীরগতি তৈরি হয়। গাড়ির চাপ বাড়লেই তা পরিণত হয় দীর্ঘ যানজটে।  সবচেয়ে দীর্ঘ যানজট সৃষ্টি হয় চন্দনা চৌরাস্তা থেকে সালনা পর্যন্ত।

এ বিষয়ে গাজীপুর সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী তানভীর আহমেদ বলেন, গাজীপুর চান্দনা-চৌরাস্তা মোড়ের পশ্চিম পাশে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কয়েক জায়গায় খানা-খন্দ স্থান অসমান হওয়ায় যানবাহন চলাচল ধীরগতিতে হয়। 

“কিন্তু ঈদের আগেই তা আমরা মেরামত করছি, দু-একটি জায়গায় যেখানে রাস্তা ফুলে উঠেছে সেটা আমরা কেটে দিচ্ছি। ঢাকা-ময়মনসিংহ রোডের কিছু কিছু জায়গায়ও কাজ চলছে।”

তিনি আশা প্রকাশ করে বলেন, “রাস্তার পাশে যদি গরুর হাট না বসে, আশা করছি ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল দুই মহাসড়ক দিয়েই মানুষ এবার স্বস্তিতেই বাড়ি ফিরতে পারবে।”

সাড়ে পাঁচশ পুলিশ মোতায়েন থাকবে

গাজীপুরের পুলিশ সুপার মো. শরীফ উদ্দিন বলেন, “ঢাকা ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তা ও ঢাকা টাঙ্গাইল মাহসড়কের চন্দ্রা ত্রিমোড়ে যানজটের শংকা রয়েছে। তবে এ দুই জায়গায় যানজট নিরসনে গতবারের মতো এবার পুরো প্রস্তুতি রয়েছে। 

রমজানে স্বস্তির ঈদযাত্রার কথা উল্লেখ করে তিনি বলেন, “আমরা চেষ্টা করছি গতবারের চেয়েও আরো সুন্দরভাবে যানজট নিরসন করতে। এর জন্য এবার প্রায় সাড়ে পাঁচশ পুলিশ মোতায়েন থাকবে।”

গাজীপুর মহানগর ট্রাফিক পুলিশের উপ-পুলিশ কমিশনার এস এম আশরাফুল আলম বলেন, “গাজীপুর হলো উত্তরবঙ্গের গেটওয়ে। এখান দিয়ে প্রায় ৩২টি জেলার গাড়ি আসা-যাওয়া করে। আগে আব্দুল্লাহপুর-আশুলিয়া হয়ে উত্তরবঙ্গের কিছু গাড়ি চন্দ্রা অতিক্রম করতো। কিন্তু ওই সড়কে ফ্লাইওভারের নির্মাণ কাজ করতে গিয়ে রাস্তাও নষ্ট হয়ে গেছে। 

“তাই উত্তরবঙ্গের প্রায় ৯৫ শতাংশ গাড়ি গাজীপুর মহানগরের উপর দিয়ে অতিক্রম করছে। এজন্য গাজীপুরে গাড়ির চাপ বেড়ে গেছে। এটাও একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে।” 

তিনি বলেন, আরেকটি চ্যালেঞ্জ হলো- ঈদে যখন কল-কারখানা একই সময়ে ছুটি হয়ে যায়, তখন ঘরমুখো হাজার হাজার শ্রমিক একসঙ্গে চলে আসে রাস্তায়। তারা নিজেদের ভাড়া করা বাসগুলো রাস্তার পাশে দাঁড় করে রাখায় গাড়ির জট সৃষ্টি হয়। এটা যানজট নিরসনে একটা বড় চ্যালেঞ্জ।

“বিশেষ করে ময়মনসিংহগামী যাত্রীদের বেলায় চান্দনা-চৌরাস্তা এলাকায় এ ঘটনাটি ঘটে। তাদের ওই এলাকা থেকে সরানো এবং বাসগুলিকে দ্রুত পাস করানোটাও চ্যালেঞ্জ। এটা স্বাভাবিক করতে পারলে সমস্যা হবে না। গত ঈদে তেমন সমস্যা হয়নি।” 

ট্রাফিক পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, “আর আরেকটা শংকা আমাদের সেটা হচ্ছে যদি ভারী বৃষ্টি হয়, এসময় ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া এলাকাসহ বেশ কয়েক স্থান পানির নিচে তলিয়ে যায়। তখন পানিতে চলতে গিয়ে গাড়ি বিকল হয়ে যায়। ”

তিনি আশা করেন, “যদি এসব কিছু সামাল দেওয়া যায়, তাহলে আমাদের যে প্রস্তুতি আছে, তাতে আশা করি সমস্যা হবে না।

যাত্রীদের স্বস্তি দিতে ঈদে এবার ‘স্পেশাল প্রোগ্রাম’ থাকবে জানিয়ে তিনি বলেন, “ট্রাফিক ডিভিশনের সঙ্গে ক্রাইম ডিভিশন থাকবে। মহাসড়কের সকল ভাসমান বাজার শিগগিরই তুলে দেওয়া হবে। রাস্তা একেবারে ক্লিন থাকবে। ফলে যান চলাচলে বিঘ্ন ঘটবে না।

তিনি আরো জানান, রাস্তায় মহানগর পুলিশের প্রায় ৫শ সদস্য নিয়োজিত থাকবে।

এদিকে গাজীপুর শিল্প পুলিশ-২ এর সুপার মো. আমজাদ হোসেন বলেন, ধাপে ধাপে শ্রমিকদের ছুটি দেয়া হলে যানজট মোকাবিলা সহজ হবে। এ বিষয়ে ইতিমধ্যে মালিকপক্ষের সঙ্গে বৈঠকের সিদ্ধান্ত হয়েছে। ফলে এবারও কারখানা তিনটি ধাপে ছুটি হবে। ২৫ মে ৪৫ শতাংশ, ২৬ মে ৪৭ শতাংশ ও ২৭ মে অবশিষ্ট ৮ শতাংশ ছুটি হবে। 

প্রশাসনের প্রস্তুতি

সার্বিক বিষয়ে গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) মোঃ নূরুল করিম ভূঁইয়া বলেন, “আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষ ও কুরবানির পশুবাহী যানবাহনের যাতায়াত ব্যবস্থা সহজীকরণের লক্ষ্যে জেলা প্রশাসন, গাজীপুর  বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।”

তিনি বলেন, “জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ যানজট নিরসনে এবং শ্রমিক অসন্তোষ প্রতিরোধকল্পে দায়িত্ব পালন করছে। জেলার গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্ট যেমন চান্দনা চৌরাস্তা, ভোগড়া, চন্দ্রা ইত্যাদি এলাকায়  মোট ১৮ জন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। 

তাদের সহায়তা করতে বিজিবি, আনসার ও পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে, যাতে যাত্রীসাধারণ ও পশুবাহী যানবাহন অতিরিক্ত ট্রাফিক জ্যামের ভোগান্তিতে না পড়ে। এছাড়া চৌরাস্তার যানজট নিরসনে ১০ জন বিজিবি সদস্য সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে।

এছাড়া ঈদে ঘরমুখো মানুষের যাতায়াত ব্যবস্থা স্বাভাবিক রাখতে জেলা প্রশাসন গাজীপুর জেলার মালিক-শ্রমিক পরিবহন সমিতি ও অন্যান্য অংশীজনদের সঙ্গে একাধিক সভা করেছে বলেও জানান তিনি। 

জেলা প্রশাসক বলেন, “অতিরিক্ত যানজট নিরসনের লক্ষ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্ট শিল্প-কারখানাগুলোকে পর্যায়ক্রমে ঈদের ছুটি প্রদানের অনুরোধ করা হয়েছে।”

এছাড়া গার্মেন্টস কর্মী এবং সাধারণ মানুষের যাতায়াত সহজ করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিআরটিসির অতিরিক্ত ৬০টি দ্বিতল এসি বাসের ব্যবস্থা করা হয়েছে বলে জানান তিনি।