২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন

২০০৮ সালের ১৩ জুলাই ব্যাংক থেকে টাকা উত্তোলন করে ফেরার পথে দুর্বৃত্তরা আলীকে কুপিয়ে হত্যা করে বলে জানান পিপি।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2024, 07:04 PM

Updated : 10 Sep 2026, 12:11 PM

হবিগঞ্জে হত্যা মামলায় একজনকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। তবে মামলা থেকে খালাস পেয়েছেন একজন।

মঙ্গলবার বিকালে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. আজিজুল হক আসামিদের অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে জানান রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) পারভীন আক্তার।

নিহত মো. আলী সদর উপজেলার বাগআছড়া গ্রামের হাজী আলতাব আলীর ছেলে।

মৃত্যুদণ্ড পাওয়া সাইদুর রহমান ছায়েদ বাহুবল উপজেলার গুহারোয়া গ্রামের মতিন সর্দারের ছেলে।

যাবজ্জীবন দণ্ড পাওয়ারা হলেন- একই উপজেলার বশিনা গ্রামের আনছব উল্লার ছেলে মো. মর্তুজ আলী, মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার শ্যামলী আবাসিক এলাকার আব্দুল কাদিরের ছেলে খোকন মিয়া এবং বাহুবল উপজেলার কিরবাসই এলাকার কাজী চনু মিয়ার ছেলে কাজী এমরান মিয়া। 

অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস পেয়েছেন আসামি আব্দুর রউফ। আর মামলা চলাকালীন মাহবুবুল আলম ও আব্দুল্লাহ মিয়া মারা যাওয়ায় তাদের অব্যাহতি দিয়েছে আদালত।

পিপি পারভীন আক্তার জানান, ২০০৮ সালের ১৩ জুলাই আলী শহরের একটি ব্যাংক থেকে ১০ লাখ টাকা উত্তোলন করে বাড়ি ফিরছিলেন। পথে কদমতলীতে একদল দুর্বৃত্ত তার গতিরোধ করে।

“সেই সময় দুর্বৃত্তরা আলীকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে তার কাছ থাকা টাকা লুট করে নিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

এ ঘটনায় আলীর বাবা হাজী আলতাব আলী বাদী হয়ে সাতজনের বিরুদ্ধে থানায় মামলা করেন বলে জানান তিনি।

সাক্ষ্যগ্রহণ শেষে ১৬ বছর পর একজনকে মৃত্যুদণ্ড ও তিনজনকে যাবজ্জীবনের পাশাপাশি পাঁচ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে বলে জানান রাষ্ট্রপক্ষের এই আইনজীবী।