Published : 09 Dec 2025, 04:54 PM
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে এখন পর্যন্ত প্রত্যাশিত ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ তৈরি হয়নি বলে মন্তব্য করেছেন এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম।
তিনি বলেছেন, “এখন পর্যন্ত যতটুকু ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ এই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমাদের প্রত্যাশিত ছিল ততটুকু তৈরি হয়নি। হয়তো অন্তর্বর্তীকালীন সরকারের জায়গা থেকে দিক-নির্দেশনা আছে, হয়তো তাদের চেষ্টা আছে।”
মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এনসিপির নবগঠিত জেলা কমিটির পরিচিতি সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের দেশে ফেরা প্রসঙ্গে সারজিস আলম বলেন, “আমরা প্রত্যাশা করব আমাদের জায়গা থেকে, অভ্যুত্থানের এক বছর তিন মাস পেরিয়ে গিয়েছে; হয়তো তার (তারেক রহমান) জায়গা থেকে বাঁধা বা কিছু অনুভব করতেই পারেন।
“আমরা হয়ত রাজনৈতিক দলের জায়গা থেকে, বাংলাদেশের মানুষের পক্ষ থেকে এতটুকু বুঝতে পারি, এই বাংলাদেশের তারেক রহমান আসলে তার জায়গা থেকে কোনো ধরনের সমস্যা হওয়ার সুযোগ নেই। আমরা এটা মনে করি, বাংলাদেশ তার জন্য তার যে নিজের একটা দেশ সেই রকম একটা অনুভূতি তিনি পাবেন।”
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির অংশগ্রহণের প্রশ্নে এনসিপি নেতা বলেন, “শেখ হাসিনার সময় জাতীয় পার্টির অনেকেই এমপি-মন্ত্রী ছিলেন। তারা প্রত্যেকেই শেখ হাসিনা তথা আওয়ামী লীগের দোসর। এটার জন্য তাদের প্রত্যেককে বিচারের আওতায় আনতে হবে।
“আমরা মনে করি, আগামী নির্বাচনে জাতীয় পার্টির অংশগ্রহণ করার কোনো ধরনের নৈতিক, রাজনৈতিক ও আইনগত অধিকার নেই। তাদেরকে আওয়ামী লীগের মত করে আইনের আওতায় আনতে হবে।”
তিনি বলেন, “নির্বাচন কমিশন এই জায়গায় জুলাই অভুত্থানের আকাঙ্ক্ষার সঙ্গে স্পষ্ট প্রতারণা করছে তাদেরকে (জাতীয় পার্টি) নির্বাচনে সুযোগ দেওয়ার বা অংশগ্রহণ করার সুযোগটি দিয়ে। আমরা আমাদের জায়গা থেকে স্পষ্টভাবে জানাতে চাই, এটা এনসিপি কোনোভাবে তাদের জায়গা থেকে সমর্থন করবে না।”
ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে এনসিপির পক্ষ থেকে কোনো ধরনের দ্বিমত নেই বলেও মন্তব্য করেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক।