২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় নিখোঁজের ২ দিন পর দুজনের লাশ মিলল যমুনায়

পুলিশ জানায়, দুজনের মারা যাওয়ার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। এই মুহূর্তে এর বেশি কিছু বলা সম্ভব হচ্ছে না।

গাইবান্ধায় নিখোঁজের ২ দিন পর দুজনের লাশ মিলল যমুনায়
প্রতীকী ছবি

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2024, 06:48 PM

Updated : 10 Sep 2026, 12:09 PM

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় নিখোঁজের দুদিন পর যমুনা নদী থেকে দুই প্রৌঢ়ের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার উপজেলার গজারিয়া ইউনিয়নের যমুনা নদীর গলনারচর ও বাইনকারচর এলাকায় পানিতে ভাসমান অবস্থায় লাশ দুটি উদ্ধার করা হয় বলে ফুলছড়ি থানার পরিদর্শক (তদন্ত) মো. সাইদুর রহমান জানান।

নিহতরা হলেন- উপজেলার কাতলামারি গ্রামের আবুল কাশেমের ছেলে সোনা মিয়া (৫৫) এবং একই উপজেলার দক্ষিণ উদখালি গ্রামের নজলার রহমানের ছেলে ফারুক হোসেন (৫০)।

পুলিশ ও স্বজনরা বলেন, বুধবার রাতে উপজেলার কালিরক্যাশ চরে জুয়া খেলতে গিয়ে ওই দুজন নিখোঁজ হন। পরে অনেক খোঁজাখুঁজি করেও তাদের কোনো সন্ধান মেলেনি। 

শুক্রবার বেলা ১১টার দিকে স্থানীয়রা নদীর ওই দুই এলাকায় দুজনের লাশ ভাসতে দেখেন। 

খবর পেয়ে পুলিশ লাশ দুটি উদ্ধার করে জানিয়ে ফুলছড়ি থানার পরিদর্শক সাইদুর রহমান বলেন, “লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।” 

তিনি আরও জানান, তাদের মারা যাওয়ার কারণ অনুসন্ধানে পুলিশ তদন্ত শুরু করেছে। এই মুহূর্তে এর বেশি কিছু বলা সম্ভব হচ্ছে না।