রাঙামাটিতে বিপুল ভারতীয় সিগারেট জব্দ, বিএনপির ৪ নেতাকর্মী গ্রেপ্তার
“গ্রেপ্তার চারজনকে জিজ্ঞাসাবাদ চলছে।”
রাঙামাটির কাউখালী উপজেলার বেতছড়ি এলাকা থেকে ৩১ কার্টন ভারতীয় সিগারেট জব্দ করেছে যৌথবাহিনী। এ সময় পাচারের সঙ্গে জড়িত থাকা চার জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার ভোরে অভিযান চালিয়ে উপজেলার বেতছড়ি এলাকার শামসুদ্দিনের বাড়ি থেকে এই অবৈধ সিগারেট জব্দ করা হয় বলে কাউখালী থানার ওসি মো.সাইফুল ইসলাম সোহাগ জানান।
জব্দ করা সিগারেটের দাম আনুমানিক ৩২ লাখ টাকা টাকা বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
আটকরা হলেন- কাউখালী উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক সেলিম মাহমুদ (৪০), কাউখালী উপজেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি মো. ইসমাইল (৩৮), উপজেলা তাঁতী দলের যুগ্ম সম্পাদক মো. রিপন (৩৫) ও বাড়ির মালিক মো. শামসুদ্দিন।
ওসি সাইফুল বলেন, “ভারতীয় সিগারেট জব্দের ঘটনায় কাউখালী থানার এস আই জুলফিকার বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছেন। গ্রেপ্তার চারজনকে জিজ্ঞাসাবাদ চলছে।
এদের বাহিরেও যদি কেউ জড়িত থাকে তাদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
