Published : 23 Jun 2026, 09:25 AM
মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় অষ্টম শ্রেণির ছাত্রী মারিয়া (১৪) হত্যা মামলায় মামলা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে আটজনকে।
সোমবার রাতে নিহতের মা কামরুন্নাহার বাদী হয়ে ১৫ জনের নাম দিয়ে অজ্ঞাত আরও চার-পাঁচজনের বিরুদ্ধে মামলাটি করেছেন বলে জানান সিংগাইর থানার ওসি মাজহারুল ইসলাম।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- সাহরাইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম (৫৯), আইসিটি শিক্ষক মোহাম্মদ ইয়াকুব মোল্লা (২৯), দশম শ্রেণির এক কিশোর (১৬), রুমা বেগম (৪৫), মিম (২২), মাসুদ (৩৫), সুজন (৩০) ও রাসেল (৩০)।
মামলার এজাহারে বলা হয়, ১৫ জুন বিদ্যালয়ের একটি কক্ষে একটি ঘটনার পরিপ্রেক্ষিতে মারিয়া ও দশম শ্রেণির এক শিক্ষার্থীর অভিভাবককে ডেকে আনে স্কুল কর্তৃপক্ষ। পরে অভিভাবকরা তাদের মুচলেকা দিয়ে বাড়ি নিয়ে যান। তখন উভয় শিক্ষার্থীকে ট্রান্সফার সার্টিফিকেট (টিসি) দেয় স্কুল কর্তৃপক্ষ।
ওই দিন স্কুলছাত্রী মারিয়া বাড়িতে নিজের মোবাইল ফোন রেখে নিখোঁজ হয়ে যায়। পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি।
রোববার বিকাল সাড়ে ৪টার দিকে সিংগাইর উপজেলার জামির্তা ইউনিয়নের চন্দননগর এলাকার একটি কবরস্থান-সংলগ্ন ঝোপে স্থানীয়রা একটি স্কুলব্যাগ দেখতে পান। পরে সেখান থেকে পুলিশ মারিয়ার খণ্ডিত মরদেহ উদ্ধার করে।
সোমবার জেলা পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলমসহ অন্যান্য কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
সিংগাইর থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, “মারিয়া হত্যা মামলা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।”