২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সালথা উপজেলার সাবেক চেয়ারম্যান ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

দুদক ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক রতন কুমার দাশ মামলা দুটি করেন।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2025, 08:01 PM

Updated : 26 Aug 2026, 02:27 PM

ফরিদপুরের সালথা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ওয়াদুদ মাতুব্বর এবং তার স্ত্রী রুমা আক্তারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে দুটি মামলা হয়েছে।

রোববার দুদক ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক রতন কুমার দাশ বাদী হয়ে ফরিদপুরের জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে এ মামলা দুটি করেন।

দুটি মামলায় দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(২) ও ২৭(১) ধারায় এ অপরাধ সংঘটিত হয়েছে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

মো. ওয়াদুদ মাতুব্বর (৪৮) গট্টি ইউনিয়নের কাকিয়ার গট্টি গ্রামের বাসিন্দা।

মামলার এজাহারে ওয়াদুদ মাতুব্বরের বিরুদ্ধে অভিযোগে বলা হয়েছে, তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠলে দুদকে সম্পদের বিস্তারিত বিবরণী জমা দিতে বলা হয়। তিনি ৫৮ লাখ ৮৭ হাজার ৬৪৭ টাকা মূল্যের সম্পদের তথ্য গোপন করেছেন এবং ২০ লাখ টাকা মিথ্যা ঋণের তথ্য দিয়েছেন। 

এ ছাড়া জ্ঞাত আয়ের বাইরে ৫৫ লাখ ২৯ হাজার ৪৬৪ টাকা মূল্যের সম্পদ অর্জন ও ভোগদখলে রাখার অভিযোগ রয়েছে ওয়াদুদের বিরুদ্ধে। ২০০২ সালের ৩০ মার্চ থেকে ২০২৩ সালের ৮ অক্টোবর পর্যন্ত যেকোনো সময়ে এ অপরাধ সংঘটিত হয়েছে।

ওয়াদুদ মাতুব্বরের স্ত্রী রুমা আক্তার (৪০) দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে ৭৪ লাখ ৪১ হাজার ৮৯৮ টাকা মূল্যের সম্পদের তথ্য গোপন করেছেন। 

এ ছাড়া এক কোটি ১১ লাখ ৮২ হাজার ১৩৭ টাকা মূল্যের অবৈধ সম্পদ অর্জন ও ভোগদখলে রাখার অভিযোগও আনা হয়। ২০১৫ সালের ২৯ ডিসেম্বর থেকে ২০২৩ সালের ৮ অক্টোবর পর্যন্ত যে কোনো সময়ে এ অপরাধ সংঘটিত হয়েছে।

দুদকের সহকারী পরিদর্শক মো. শামীম বলেন, মামলা দুটি তদন্ত করবেন দুদক ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সর্দার আবুল বাসার। তদন্ত শেষে তিনি এ ব্যাপারে আদালতে অভিযোগপত্র জমা দেবেন।

এ বিষয়ে জানতে সালথা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ওয়াদুদ মাতুব্বর এবং তার স্ত্রী রুমা আক্তারের মোবাইলে ফোন দেওয়া হলে সেগুলো বন্ধ পাওয়া যায়।