ঠাকুরগাঁওয়ে তিনটি আসনে ৪১৭ ভোটকেন্দ্রের মধ্যে ঝুঁকিপূর্ণ ২০১
এ জেলার তিনটি আসনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২০ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও জেলার সংসদীয় তিনটি আসনে ৪১৭টি ভোটকেন্দ্রের মধ্যে ২০১টি ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছে প্রশাসন। এ ছাড়া তিনটি আসনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২০ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন রিটার্নিং কর্মকর্তা ও ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারজানা।
সরেজমিনে দেখা যায়, প্রচারে তিনটি আসনের ২০ প্রার্থী দিন-রাত নির্বাচনি গণসংযোগ, সভা ও পথসভায় ব্যস্ত সময় পার করেছেন। এ সময় জনগণের সামনে প্রার্থীরা নানা ধরনের উন্নয়নে প্রতিশ্রুতি দেন।
ভোটার সংখ্যা
রিটার্নিং কর্মকর্তা ইশরাত ফারজানা বলেন, ঠাকুরগাঁও জেলার সংসদীয় তিনটি আসনে মোট ভোটার ১২ লাখ পাঁচ হাজার ৫১৭ জন। এর মধ্যে পুরুষ ছয় লাখ সাত হাজার ২২ এবং নারী ভোটার পাঁচ লাখ ৯৮ হাজার ৪৮৮ জন।
তিনি বলেন, ঠাকুরগাঁও-১ আসনে মোট ভোটার পাঁচ লাখ সাত হাজার ২০৯ জন; এর মধ্যে পুরুষ ভোটার দুই লাখ ৫১ হাজার ৬৭৮ জন এবং নারী ভোটার দুই লাখ ৫৫ হাজার ৫১৮ জন।
ঠাকুরগাঁও-২ আসনে মোট ভোটার তিন লাখ ৩৭ হাজার ২৭৩ জন; এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৭২ হাজার ৯৪৭ জন এবং নারী ভোটার এক লাখ ৬৪ হাজার ৩২৫ জন।
ঠাকুরগাঁও-৩ আসেন মোট ভোটার তিন লাখ ৬১ হাজার ৪৪ জন; এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৮২ হাজার ৩৯৭ জন এবং নারী ভোটার এক লাখ ৭৬ হাজার ৬৪৫ জন।
ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রের সংখ্যা
রিটার্নিং কর্মকর্তা ইশরাত ফারজানা বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও জেলার তিনটি সংসদীয় আসনে ভোটাধিকার প্রয়োগে প্রস্তুত হচ্ছে ৪১৭টি ভোটকেন্দ্র; এর মধ্যে ঝুঁকিপূর্ণ কেন্দ্রের সংখ্যা ২০১টি।
তিনি বলেন, ঠাকুরগাঁও-১ (সদর) আসনে ১৮৫টি ভোটকেন্দ্রের মধ্যে ৯২টি ঝুঁকিপূর্ণ, ঠাকুরগাঁও-২ (বালিয়াডাঙ্গী, হরিপুর, রাণীশংকৈলের একাংশ) আসনে ১০৪টি ভোটকেন্দ্রের মধ্যে ৪৬টি ঝুঁকিপূর্ণ এবং ঠাকুরগাঁও-৩ (পীরগঞ্জ ও রাণীশংকৈল) আসনে ১২৮টি ভোটকেন্দ্রের মধ্যে ৬৩টি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
ইশরাত ফারজানা বলেন, কেন্দ্রগুলো নির্বাচন উপযোগী করার পাশাপাশি শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করতে প্রস্তুত জেলা প্রশাসন। নিরপেক্ষতা আর সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে ভোটকেন্দ্রগুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে।
ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়নের দেবীগঞ্জ বাজার এলাকার ভোটার নুরুল হক বলেন, “বিগত সময় ভোট ঘিরে নানা সহিংসতা হয়েছে। আমরা এর পুনরাবৃত্তি চাই না। আমরা চাই ভোট হোক আনন্দের, ভোট হোক উৎসবমুখর।”
জেলা প্রশাসক ইশরাত ফারজানা বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন বাস্তবায়নে প্রশাসন বদ্ধ পরিকর৷ প্রত্যেকটা কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। এ ছাড়া অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী সচেষ্ট ভূমিকা পালনে তৎপর। সবার অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে ভোট হবে, এমনটাই প্রত্যাশা।
