Published : 21 Jun 2026, 08:21 PM
গাজীপুর মহানগরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুবলীগের নেতাকর্মীরা মিছিল করেছেন।
মিছিল থেকে পুলিশকে হুমকি দেওয়ার একটি ভিডিও রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
এ বিষয়ে বাসন থানার ওসি হারুনুর রশিদ বলেন, “ভিডিওটি দেখেছি। তবে এটি সাম্প্রতিক নাকি আগের কোনো ঘটনা, তা যাচাই করা হচ্ছে।”
ভিডিওতে কয়েকজন মিছিলকারীকে পুলিশ সদস্যদের উদ্দেশে বলতে শোনা যায়, “ওই, একটাও সামনে আসবি না। একটাও সামনে আসবি না। মাইরা ফালামু, মাইরা ফালামু। একটাও সামনে আসবি না।”
ভোর সাড়ে ৬টার দিকে মহানগরীর বাসন থানার কলম্বিয়া গার্মেন্টস এলাকার সামনে এ মিছিল হয়।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কলম্বিয়া এলাকার একটি ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে থেকে ৩০ থেকে ৩৫ জনের একটি দল ব্যানার নিয়ে মিছিল শুরু করে।
ব্যানারে লেখা ছিল, “২৩ জুন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল হোক, সার্থক হোক” এবং “বাংলাদেশ আওয়ামী লীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে।” ব্যানারের নিচে ‘গাজীপুর মহানগর যুবলীগ’ লেখা ছিল।
এ ছাড়া ব্যানারের এক পাশে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং অন্য পাশে গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকারের ছবি দেখা যায়।
মিছিলকারীরা ‘শেখ হাসিনা বীরের বেশে, আসবে ফিরে বাংলাদেশে’, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘রাজপথ ছাড়ি নাই, শেখ হাসিনার ভয় নাই’ এবং ‘যুবলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’ স্লোগান দিতে দিতে গাছা এলাকার দিকে এগিয়ে যান।
এক পর্যায়ে মহাসড়কের বিপরীত পাশ থেকে কয়েকজন পুলিশ সদস্য মিছিলের দিকে এগিয়ে এলে মিছিলকারীদের কয়েকজন তাদের উদ্দেশে হুমকিমূলক বক্তব্য দিতে থাকেন।