২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চার বছরেও শেষ হয়নি কুমিল্লার মন্তের মুড়ার খনন, নষ্ট হচ্ছে প্রত্নসম্পদ

বৃষ্টিবহুল দেশে কোনো প্রত্নতত্ত্বক্ষেত্র খননের দুই থেকে তিন বছরের মধ্যে শেষ করা উচিত বলে মনে করেন বিশেষজ্ঞরা।

চার বছরেও শেষ হয়নি কুমিল্লার মন্তের মুড়ার খনন, নষ্ট হচ্ছে প্রত্নসম্পদ
কুমিল্লার পাঁচথুবী ইউনিয়নের ইটাল্লা গ্রামের মন্তের মুড়া খননের কয়েক মাস পর কাজ বন্ধ হয়ে যাওয়ায় নষ্ট হচ্ছে এই প্রত্নসম্পদটি।

বিডিনিউজ২৪

তানভীর দিপু. কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2025, 08:52 AM

Updated : 26 Aug 2026, 12:44 PM

চার বছর আগে কুমিল্লার পাঁচথুবী ইউনিয়নের ইটাল্লা গ্রামের মন্তের মুড়ায় বৌদ্ধবিহারের কিছু প্রাচীন ইমারত খনন শুরু করে প্রত্নতত্ত্ব অধিদপ্তর। কিন্তু কয়েক মাস পরেই বন্ধ হয়ে যায় খনন কাজ। আর এতে নষ্ট হতে বসেছে এই প্রত্নসম্পদ।

খননের সময় সেখানে বিভিন্ন ধরনের স্থাপত্য কাঠামোর ধ্বংসাবশেষ পাওয়া যায়। যার মধ্যে পোড়ামাটির অলংকৃত ইট, তেলের প্রদীপ, ছোট পাত্র, পিরিচ এবং নলাকার পাত্রের অংশবিশেষসহ নানা ধরনের অমূল্য প্রত্নবস্তু। 

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের প্রধান মো. সোহরাব উদ্দিন বলছেন, বৃষ্টিবহুল দেশে কোনো প্রত্নতত্ত্বক্ষেত্র খনন শুরু করলে তার দুই থেকে তিন বছরের মধ্যে শেষ করা উচিত। মাস্টার প্ল্যান করে কাজ না করলে তথ্যগুলো হারিয়ে যেতে পারে।

প্রত্নতত্ত্ববিদরা বলছেন, পাঁচথুবীর ঢিবিগুলো ছিল বৌদ্ধবিহারের কিছু প্রাচীন ইমারতের ধ্বংসাবশেষ। এটিকে মন্তের মুড়া বা মহন্ত রাজার বাড়ি হিসেবে চেনে স্থানীয়রা। ২০২১ সালের মাঝামাঝিতে এটির খনন কাজ শুরু হলেও এর কয়েক মাস পরেই বন্ধ হয়ে যায় খনন কাজ।

চলতি বছরেও প্রত্নক্ষেত্রটির কোনো পূর্ণরূপ উন্মোচিত হয়নি। বর্তমানে প্রত্নতত্ত্ববিদ ছাড়া কিংবা সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতা ছাড়া মন্তের মুড়ায় কেউ গেলে এ জায়গাটিকে একটি ধ্বংসস্তূপের মতই দেখাবে। অথচ এই প্রত্নক্ষেত্রটি খননে ব্যয় হয়েছে কয়েক লাখ টাকা।

কুমিল্লা জেলা প্রত্নতত্ত্ব অধিদপ্তর জানিয়েছে, দুই দফায় মন্তের মুড়া খননে ব্যয় হয়েছে আট লাখ ৩৮ হাজার টাকা। এর মধ্যে ২০২১-২২ অর্থবছরে দুই লাখ ৩৮ হাজার টাকা এবং ২০২২-২৩ অর্থবছরে ছয় লাখ টাকা ব্যয় হয়েছে। খনন কাজে এত টাকা ব্যয় হওয়ার পরও নানা জটিলতায় বর্তমানে প্রত্নক্ষেত্রটি অরক্ষিত রয়েছে।

এদিকে মন্তের মুড়া খনন কাজ শেষ না হতেই সদর দক্ষিণ এলাকার ধর্মপুরের বালাগাজীর মুড়ায় খনন শুরু হয়েছে। ধারণা করা হচ্ছে, সেটিও অসম্পূর্ণ রেখে শেষ হয়ে যাবে জুনে। এটিও অসম্পূর্ণ খনন করে অরক্ষিত অবস্থায় ফেলে রাখলে ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সেখানে ব্যয় করা অর্থও মন্তের মুড়ার মতই অকার্যকর হবে বলে ধারণা করা হচ্ছে।

মন্তের মুড়ার ভেতরে যা দেখা যায়

মন্তের মুড়ার ভেতরে প্রবেশ পথে রয়েছে চার পিলারবিশিষ্ট হল রুম। এরপর মূল মন্দিরে প্রবেশ পথ। সেখানে দেখা মিলবে তিনটি ভিন্ন ভিন্ন সময়কালের মন্দির। রথশৈলির আদলে নির্মিত মন্দিরগুলোর সীমানা প্রাচীর। দেওয়ালে জ্যামিতিক নকশার অলংকরণ। খননে উঠে আসে ব্রোঞ্জের বৌদ্ধ মূর্তি।

নরম পাথরের তৈরি দুর্গা মূর্তি ছাড়াও পোড়ামাটির অলংকৃত ইট, তেলের প্রদীপ, ছোট পাত্র, পিরিচ এবং নলাকার পাত্রের অংশবিশেষসহ নানা প্রত্নবস্তু। 

মন্তের মুড়া ছাড়াও কুমিল্লা সদর উপজেলার পাঁচথুবীতে রয়েছে বৈষ্ণব মুড়া, বসন্ত মুড়া, চণ্ডী মুড়া ও শিল মুড়া নামে আরও চারটি পুরাকীর্তির ধ্বংসাবশেষ। সেগুলো খনন ও সংরক্ষণে চলমান রয়েছে গবেষণা।

১৯৭৫ সালে পাহাড়ের ভেতর দিয়ে কুমিল্লা-কালিরবাজার রাস্তা নির্মাণ করার সময় একটি বিহারের দুর্গের সন্ধান পাওয়া যায়। পরে সেখানে অসংখ্য প্রত্নকীর্তির ধ্বংসাবশেষ পাওয়া যায়। পরবর্তীতে আর এ প্রত্নকীর্তিটি রক্ষার কোনো উদ্যোগ নেওয়া হয়নি। 

এ প্রত্নকীর্তির অসংখ্য ইট ও প্রাচীন ইমারতের নির্মাণ শৈলী জঙ্গলে আবৃত হয়ে লালমাই-ময়নামতি পাহাড়ে স্তূপ হয়ে যায়। ১৯৫৫ সালে প্রত্নতত্ত্ব অধিদপ্তর একটি জরিপে কুমিল্লায় মোট ৫৪টি প্রাচীন কীর্তির ধ্বংসাবশেষ সংরক্ষণের উদ্যোগ নেয়। এর মধ্যে ২০টি প্রাচীন কীর্তির ধ্বংসাবশেষ খনন করে সংরক্ষণ করা হয়। বাকি ৩৪টির মধ্যে বেশিরভাগ এখনও অরক্ষিত অবস্থায় পড়ে আছে। 

এরপর ১৯৬৩-৬৬ সালে প্রত্নতত্ত্ব দপ্তর আরও তিনটি স্থানে খনন কাজ করে। সেগুলো হলো- শালবন বিহার, কোটিলা মুড়া ও চারপত্রমুড়া। একইসঙ্গে ময়নামতি রানীর বাংলো পরীক্ষামূলক খনন কাজ শুরু হলেও ব্যাপকভাবে খনন কাজ শুরু হয় ১৯৮৭-৮৮ সালে। বর্তমানে এই প্রত্নকীর্তিগুলো দর্শকদের জন্য উন্মুক্ত রয়েছে। 

কুমিল্লার ইতিহাসবিদ আহসানুল কবীর বলেন, কুমিল্লা প্রত্নসমৃদ্ধ এলাকা। অধিদপ্তর চাইলে যত্নের সঙ্গে নিয়মিত এসব এলাকা খনন কাজ করে প্রাচীন ইতিহাস তুলে ধরতে পারে। তবে বিচ্ছিন্নভাবে খনন না করে একটি প্রত্নক্ষেত্র ধরে সেটির সম্পূর্ণ খনন করে আলামত সংগ্রহ করা উচিত।

সংরক্ষণ এবং প্রতিবেদন প্রকাশের পর সম্পূর্ণভাবে জনসাধারণের জন্য উপযুক্ত করা গেলে, প্রত্নক্ষেত্রটি ক্ষয়ক্ষতির হাত থেকে বাঁচবে। কেননা আমরা দেখেছি, মন্তের মুড়া বছর খানেক খননের পর সেটিতে এখন গরু-ছাগল বিচরণ করছে। সেইসঙ্গে বৈরী আবহাওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রত্নতত্ত্বক্ষেত্রটি।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষক সোহরাব উদ্দিন বলেন, “যেহেতু বৃষ্টিবহুল দেশ সেক্ষেত্রে কোনো প্রত্নতত্ত্বক্ষেত্র খনন শুরু করলে তার দুই তিন বছরের প্রকল্প নিয়েই করা উচিত। এই সময়ের মধ্যে তথ্য ও উপাত্ত সংগ্রহ, প্রতিবেদন প্রকাশ ও ক্ষেত্রটি যথাযথ সংরক্ষণ করতে হবে। 

“যখন প্রত্নতত্ত্বক্ষেত্র খনন কাজ শুরু করি তখন সম্পূর্ণ প্রচেষ্টা দিয়েই করা উচিত। মাস্টার প্ল্যান করে কাজ না করলে তথ্যগুলো হারিয়ে যেতে পারে। ধারাবাহিকভাবে শক্তিশালী টিম কাজ না করলে প্রত্নতত্ত্বের অনেক অমূল্য সম্পদ নষ্ট হয়।”

এসব খনন কাজে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ববিভাগের শিক্ষার্থীদেরও কাজে লাগানো যেতে পারে বলে মনে করেন সোহরাব উদ্দিন।

তিনি বলেন, “এসব কাজের ক্ষেত্রে আমাদের সঙ্গে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সমন্বয়হীনতা রয়েছে। তারা বলছে, একটি প্রকল্পে মাত্র পাঁচজন শিক্ষার্থীকে খননের সুযোগ দিবে কিন্তু আমরা বলেছি, কোনো একটি বর্ষের একটি ব্যাচকে পুরো প্রকল্পের খনন কাজে অংশগ্রহণ করা গেলে, তাদের জন্য যেমন একটি ওয়ার্কশপ হবে তেমনি দেশের প্রত্নসম্পদ উন্মোচন ও সংরক্ষণেও দক্ষ জনশক্তি কাজে লাগানো যাবে।”

কুমিল্লার ময়নামতি যাদুঘরের কাস্টোডিয়ান মো. শাহীন আলম বলেন, “মন্তের মুড়ায় দুই দফায় খনন কাজ হয়েছে। কিন্তু এখন পর্যন্ত কোনো পূর্ণাঙ্গ প্রতিকৃতি বের হয়ে আসেনি। এই জায়গাটিতে কোনো সুরক্ষা প্রাচীর না করতে পারায় খননে বের হয়ে আসা অমূল্য স্থাপনা অনিরাপত্তায় রয়েছে। 

“এ ছাড়া ওই এলাকায় আরও কয়েকটি প্রত্নক্ষেত্র রয়েছে, যা জরিপে উঠে এসেছে। যেগুলোতে খনন কাজ পরিচালনা করতে না পারায় সেগুলো হুমকির মুখে রয়েছে।” 

প্রত্নতত্ত্ব অধিদপ্তর কুমিল্লা আঞ্চলিক কার্যালয়ের পরিচালক নাহিদা সুলতানা বলেন, “আমি সম্প্রতি এখানে যোগদান করেছি। মন্তের মুড়া খনন কাজ সম্পর্কে জেনেছি। আগামী অর্থবছরে এই প্রত্নক্ষেত্রটি সম্পূর্ণ খনন করে সংরক্ষণ ও প্রদর্শনের ব্যবস্থা সম্ভবনা রয়েছে।”

মন্তের মুড়ার ইটের পাঁজায় কোন ইতিহাসের চাবি