২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানিকগঞ্জে রিকশাচালক হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত নারী গ্রেপ্তার

হত্যাকাণ্ডের কিছু দিন পর সেলিনা সৌদি আরবে চলে যান।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2026, 12:00 AM

Updated : 11 Sep 2026, 03:47 PM

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় রিকশাচালক ইদ্রিস আলী হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

আসামি সেলিনা আক্তার (৩৫) উপজেলার গালা ইউনিয়নের কদমতলা কামারঘোনা গ্রামের জনাব আলীর মেয়ে।

হরিরামপুর থানার ওসি মুহাম্মদ আফজাল হোসেন বলেন, মঙ্গলবার মধ্যরাতে ঢাকার সাভারের হেমায়েতপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

মামলার বরাতে পুলিশ জানায়, ২০১১ সালে রিকশাচালক ইদ্রিস আলীকে গলাকেটে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের মা কোমেলা বেগম বাদী হয়ে হত্যা মামলা করেন।

২০১৬ সালে মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত মামলার আসামি সেলিনা আক্তার ও নজরুল ইসলামের অনুপস্থিতিতে তাদের মৃত্যুদণ্ড দেয়। 

ওসি মুহাম্মদ আফজাল হোসেন বলেন, হত্যাকাণ্ডের পর সেলিনা প্রথমে একটি গার্মেন্টসে চাকরি নেন। পরে তিনি সৌদি আরবে চলে যান। কিছু দিন আগে তিনি দেশে ফিরে আসেন।