১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ফরিদপুরে রাস্তার সরকারি ইট বেচে দিলেন ‘প্রভাবশালী’

দুপুরে ট্রলারে করে ইট নিয়ে যাওয়ার সময় আটকে দিয়েছে এলাকাবাসী।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2024, 11:24 PM

Updated : 26 Aug 2026, 10:45 AM

ফরিদপুর সদরে স্থানীয় সরকার বিভাগের একটি সড়কের ইট বেচে দেওয়ার অভিযোগ উঠেছে এক ‘প্রভাবশালী’ ব্যক্তির বিরুদ্ধে।

শনিবার দুপুরে সেই ইট তুলে নিয়ে যাওয়ার সময় আটকে দিয়েছে এলাকাবাসী। পরে পুলিশ গিয়ে ইটগুলো জব্দ করে।

উপজেলার ডিক্রিরচর ইউনিয়নের নাজির বিশ্বাসের ডাঙ্গী গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান ফরিদপুর কোতোয়ালি থানার ওসি মো. আসাদউজ্জামান।

স্থানীয়রা জানান, চরের মানুষের জীবনযাত্রায় স্বস্তি ফেরাতে কয়েক বছর আগে ডাঙ্গী চরের গোরস্তান মসজিদ থেকে পালডাঙ্গী পর্যন্ত এইচবিবি (ইটের) সড়ক নির্মাণ করা হয়। কয়েকদিন ধরে সড়ক থেকে ইট তুলে নিয়ে যাচ্ছিল কিছু লোক।

শনিবার দুপুরে ফের ইট তুলে ট্রলারে করে নিয়ে যাওয়ার সময় বিষয়টি নজরে পড়ে এলাকাবাসীর। পরে ইটগুলো আটকে দিয়ে থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে বিকালে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে সত্যতা পায়।

স্থানীয় বাসিন্দা ও জেলা বিএনপির সদস্য মো. আসলাম শেখ বলেন, “নদী বন্দর এলাকার প্রভাবশালী মো. আলম শেখের মদদপুষ্ট মো. হান্নান মাতুব্বর ইটগুলো প্রতি হাজার সাড়ে ছয় হাজার টাকায় স্থানীয় মো. ইউসুফের কাছে বিক্রি করে দেন।

“শনিবার ইটগুলো ট্রলারে করে বন্দরে নিয়ে আসলে, আমরা সরকারি ইট বুঝতে পেরে আটকে দেই। বিষয়টি পুলিশ ও জেলা প্রশাসনকে অবগত করা হয়েছে।”

ইটের ক্রেতা ইউসুফ বলেন, “ইটগুলো সাড়ে ছয় হাজার টাকা দরে হান্নান মাতুব্বরের কাছ থেকে ক্রয় করেছি। কিছু টাকা পরিশোধও করেছি। তবে পুরো টাকা এখনও পরিশোধ করতে পারি নাই।”

তবে হান্নান মাতুব্বর ইট বিক্রির অভিযোগ অস্বীকার করেছেন। উল্টো ইট চুরির সময় বাধা দিয়েছিলেন বলে দাবি করেন তিনি।

ইট বিক্রির অভিযোগ অস্বীকার করে আলম শেখ বলেন, “ইট লুটের ঘটনায় আমার কোনো সম্পর্ক নাই। পরিকল্পিতভাবে আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য এ ঘটনার সঙ্গে জড়ানো হচ্ছে।”

ওসি আসাদউজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। ইটগুলো স্থানীয় এক ব্যক্তির জিম্মায় রাখা হয়েছে। ইট বিক্রেতাকে থানায় ডাকা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।