Published : 06 Jun 2026, 07:19 PM
নড়াইলের লোহাগড়া উপজেলায় ১৩ বছর বয়সী বাকপ্রতিবন্ধী কিশোরীকে অপহরণ ও ধর্ষণের মামলায় এক ইজিবাইক চালককে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ ঘটনায় শনিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান লোহাগড়া থানার পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায়।
আসামি সেলিম শেখ (২৭) উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের একটি গ্রামের বাসিন্দা।
মামলার বরাতে পুলিশ জানায়, বাকপ্রতিবন্ধী কিশোরী তার নানার বাড়িতে থাকে। শুক্রবার বিকালে কিশোরীকে বাড়ির পাশের রাস্তা থেকে ইজিবাইকে তুলে নিয়ে যাওয়া হয়। পরে অজ্ঞাত স্থানে নিয়ে তাকে ধর্ষণ করা হয়। সন্ধ্যায় তাকে দিঘলিয়া ইউনিয়নের একটি এলাকায় নামিয়ে দেওয়া হয়। সেখান থেকে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।
কিশোরীর মা শনিবার লোহাগড়া থানায় অপহরণ ও ধর্ষণের অভিযোগে মামলা করেন। তারপর পুলিশ সেলিম শেখকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে।
লোহাগড়া থানার পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় বলেন, “মেয়েটির মা সেলিমকে আসামি করে অপহরণ ও ধর্ষণের মামলা করেছেন। তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”
তিনি বলেন, চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য কিশোরীকে জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।