ছাদ চুঁইয়ে পানি পড়া নিয়ে বিতণ্ডা: ‘ভাইয়ের হাতে’ ভাই খুন
“ছাদের পানি পড়া নিয়ে একাধিকবার সালিশ বৈঠক হয়েছে। সালিশের কোনো সিন্ধান্তই তারা মনে নেয়নি।”
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বাড়ির ছাদ থেকে পানি পড়াকে কেন্দ্র করে ‘আপন ভাই’ ও ‘ভাতিজাদের’ লাঠির আঘাতে এক ব্যক্তি নিহত হয়েছেন।
রোববার রাতে উপজেলার উনশিয়া গ্রামের ঘোষ বাড়িতে এ ঘটনা ঘটে বলে কোটালীপাড়া থানার ওসি খন্দকার হাফিজুর রহমান জানান।
মৃত ৪৫ বছর বয়সী আনন্দ ঘোষ ওই গ্রামের মৃত সুধীর ঘোষের ছেলে।
তার লাশ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ময়নাতদন্ত শেষে সোমবার দুপুরে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
আনন্দ ঘোষের স্ত্রী মিতা ঘোষ বলেন, “বসত বাড়ির ভবনের ছাদের পানি পড়া নিয়ে আমার স্বামীর সঙ্গে তার আপন ভাই গৌরাঙ্গ ঘোষ, কালা ঘোষ ও যুগল ঘোষের বিরোধ চলছিল। রোববার দিনে বৃষ্টি হয়। রাতে ছাদ থেকে পানি চুঁইয়ে পড়ায় এ নিয়ে ভাইদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয় ।
“এক পর্যায়ে তিন ভাই এবং ভাতিজা নয়ন ঘোষ ও সৌরভ ঘোষ লাঠি দিয়ে পিটিয়ে আমার স্বামীকে রক্তাক্ত করে। পরে পরিবারের সদস্য ও এলাকাবাসী আনন্দকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
আনন্দ ঘোষের স্কুল পড়ুয়া মেয়ে অথৈ ঘোষ বলেন, “আমার বাবা আমাকে নার্স বানাতে চেয়েছিল। আমারও নার্স হওয়ার স্বপ্ন ছিল।
“সেই স্বপ্ন আর পুরণ হবে না। আমার জ্যাঠা, কাকা ও কাকাতো ভাইরা মিলে আমার বাবাকে পিটিয়ে হত্যা করেছে।”
প্রতিবেশী বাচ্চু হাওলাদার বলেন, “ছাদের পানি পড়া নিয়ে এলাকার গন্যমান্য ব্যক্তিদের উপস্থিতে একাধিকবার সালিশ বৈঠক হয়েছে। সালিশের কোনো সিন্ধান্তই তারা মনে নেয়নি।
“শেষ পর্যন্ত সামান্য ছাদের পানি পড়া নিয়ে ভাই-ভাতিজাদের হাতে আনন্দকে জীবন দিতে হল।”
এদিকে ঘটনার রপর থেকে গৌরাঙ্গ, কালা, যুগল, নয়ন ও সৌরভ পলাতক রয়েছে। তাদের মেবাইল ফোনও বন্ধ থাকায় বক্তব্য পাওয়া যায়নি।
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং জাড়িতদের গ্রেপ্তারের অভিযান শুরু হয়েছে বলে ওসি হাফিজুর রহমান জানান।
