Published : 17 Jun 2026, 04:59 PM
নাটোরে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের মামলায় এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন রাজশাহীর একটি আদালত।
বুধবার বিকালে রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. তৈয়ব আলী এ রায় ঘোষণা করেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী মুন্সি আবুল কালাম আজাদ জানিয়েছেন।
দণ্ডিত জালাল উদ্দিন (৬৫) নাটোরের গুরুদাসপুর উপজেলার লক্ষ্মীপুর মধ্যপাড়া গ্রামের বাসিন্দা।
সাজার পাশপাশি তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন বিচারক; অনাদায়ে তাকে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
মামলার বিবরণে বলা হয়, ২০২৩ সালের অগাস্টে গুরুদাসপুর উপজেলার লক্ষ্মীপুর মধ্যপাড়া গ্রামে এক শিশুটি নিজ বাড়ির আঙিনায় খেলা করছিল। এ সময় প্রতিবেশী জালাল উদ্দিন শিশুটিকে তার ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে।
পরে শিশুটির কান্নাকাটি ও শারীরিক অবস্থার অবনতি দেখে পরিবারের সদস্যরা ঘটনাটি জানতে পারেন। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে গুরুদাসপুর থানায় জালাল উদ্দিনকে একমাত্র আসামি করে ধর্ষণ মামলা দায়ের করেন
নাটোরে দায়ের হওয়া শিশু ধর্ষণ মামলাটি প্রথমে নাটোর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারাধীন ছিল। পরে দ্রুত নিষ্পত্তির স্বার্থে মামলাটি রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়। সেখানে দীর্ঘ শুনানি, সাক্ষ্যগ্রহণ ও প্রমাণ পর্যালোচনা শেষে আদালত রায় ঘোষণা করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মুন্সি আবুল কালাম আজাদ বলেন, “রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণা শেষে আসামি জালাল উদ্দিনকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।”
রায়ে সন্তোষ প্রকাশ করে এ আইনজীবী বলেন, “দেশে যেভাবে শিশু ধর্ষণের মতো অপরাধ বেড়ে চলেছে, তা প্রতিরোধে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। সরকারের সেই নীতির আলোকেই এ রায় দেওয়া হয়েছে।
“আমরা মনে করি, এই রায়ের মাধ্যমে ভুক্তভোগী পরিবারটি যথার্থ বিচার পেয়েছে।”