২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণে অনিয়মের অভিযোগে মানববন্ধন

নগরীতে ৫৮ হাজার ৪২৬টি ও জেলায় ২২ হাজার কার্ড বাতিল করা হয়েছে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2025, 11:28 PM

Updated : 26 Aug 2026, 11:44 AM

বরিশাল নগরীতে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণে অনিয়মের অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন ভুক্তভোগীরা।  

মঙ্গলবার নগরীর কাউনিয়া প্রধান সড়ক মানিক মিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়। 

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণে অনিয়ম ও স্বজনপ্রীতি করে তালিকা করা হয়েছে। 

সেই তালিকা বাতিল করে অবিলম্বে প্রকৃত অসহায় পরিবারের সদস্যদের নাম অন্তর্ভুক্ত করার দাবি জানান তারা। 

ভুক্তভোগীরা বলেন, যাদের স্মার্ট কার্ড এসেছে, সেগুলো সঠিক নয়। এজন্য অনেক কার্ড বিতরণ করা যায়নি। তাই রমজানে কমদামে পণ্য কেনা থেকে বঞ্চিত থাকবে সাধারণ মানুষ। 

এ বিষয়ে টিসিবির সহকারী পরিচালক শতদল মণ্ডল বলেন, বর্তমানে বরিশাল নগরীতে ৩১ হাজার ৫৭৪টি ও জেলার ১০ উপজেলায় এক লাখ ৭ হাজার কার্ডধারী রয়েছেন। 

এর আগে একটি পরিবারের জন্য একাধিক কার্ডসহ তথ্য-উপাত্ত সঠিক না দেয়ায় ৮০ হাজার ৪২৬টি কার্ড বাতিল হয়েছে। এর মধ্যে নগরীতে ৫৮ হাজার ৪২৬টি ও জেলায় ২২ হাজার কার্ড বাতিল করা হয়। বরিশাল জেলা প্রশাসন ও সিটি করপোরেশনের দেওয়া তথ্য অনুযায়ী এসব কার্ড বাতিল হয়েছে।

তিনি আরও বলেন, “যাদের কার্ড বাতিল হয়েছে তারা নতুন করে তথ্য সাবমিট করলে যে শূন্যস্থান আছে, সেখানে নতুন করে উপকারভোগী নেওয়া হবে।” 

শতদল বলেন, “প্রতি স্মার্ট কার্ডধারী ১০০ টাকা দরে দুই লিটার করে সয়াবিন তেল, ৬০ টাকা দরে দুই কেজি মসুর ডাল ও ৩০ টাকা দরে ৫ কেজি করে চাল কিনতে পারবেন। ”

আর স্মার্ট কার্ড বিতরণ শেষ হলেই পণ্য ছাড় করা হবে বলে জানান টিসিবির এ কর্মকর্তা। 

বরিশাল বিভাগীয় কমিশনার ও সিটি করপোরেশন প্রশাসক মো. রায়হান কাওসার বলেন, “বরিশাল সিটি করপোরেশনের ৯০ হাজার কার্ডের মধ্যে মাত্র ৩১ হাজার টিসিবি স্মার্ট কার্ড আমরা পেয়েছি। আরও প্রায় ৫ হাজার কার্ড আসার অপেক্ষায় রয়েছে। যাদের কার্ড বাতিল হয়েছে তাদের যৌক্তিক কারণ থাকলে সেগুলো খতিয়ে দেখা হবে “

“কিছু স্মার্ট কার্ড ভুল এসেছে বলে শুনেছি। এখনো স্মার্ট কার্ড অ্যাক্টিভ (সক্রিয়) করা হয়নি। ভুল সংশোধন করে স্মার্ট কার্ড অ্যাক্টিভ করা হবে।”