Published : 06 Jun 2026, 12:43 PM
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি হাটে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন প্রজাতির ১৭টি বন্যপাখি উদ্ধার করেছে বনবিভাগের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট।
শুক্রবার অভিযানে উদ্ধারকৃত পাখিগুলোর কালিম, শালিক, টিয়া, ময়না ও ঘুঘু ছিল বলে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক আব্দুল্লাহ আস সাদিক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
ওই বন কর্মকর্তা বলেন, “ফতুল্লার এই হাটে এর আগেও একাধিকবার বন্যপ্রাণী বিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে। সেসব অভিযানে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছিল। তা সত্ত্বেও কিছু অসাধু ব্যবসায়ী অবৈধভাবে বন্যপাখি ক্রয়-বিক্রয় কার্যক্রম চালিয়ে যাচ্ছে, যা দেশের প্রচলিত আইনের সুস্পষ্ট লঙ্ঘন।”
তিনি আরও বলেন, শুক্রবারের অভিযানে উদ্ধারকৃত পাখিগুলোর স্বাস্থ্য ও উড়তে সক্ষমতা পরীক্ষা করে যেসব পাখি সুস্থ ও উড়তে সক্ষম ছিল, সেগুলোকে তাৎক্ষণিকভাবে উপযুক্ত প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হয়েছে।
ভবিষ্যতে এ ধরনের অপরাধে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।