১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

বগুড়ায় ট্রাকের ধাক্কায় ৩ ভ্যানযাত্রী নিহত

এতে ভ্যানের চালকসহ আহত হয়েছেন তিনজন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

বগুড়ায় ট্রাকের ধাক্কায় ৩ ভ্যানযাত্রী নিহত
প্রতীকী ছবি

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2025, 11:11 PM

Updated : 10 Sep 2026, 12:33 PM

বগুড়ায় গরুবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারি চালিত ভ্যানে থাকা তিন যাত্রী নিহত হয়েছেন।

শুক্রবার রাত সোয়া ৮টার দিকে নওগাঁ-বগুড়া আঞ্চলিক সড়কের দুপচাঁচিয়া মেইল বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে বলে দুপচাঁচিয়া থানার ওসি ফরিদুল ইসলাম জানান।  

নিহতরা হলেন- দুপচাঁচিয়ার গোবিন্দপুর ইউনিয়নের বালিয়াদিঘী এলাকার প্রয়াত আব্দুল আজিজের ছেলে মোজাহার আলী (৬০), একই এলাকার মো. সাইফুলের ছেলে সাদিকুল ও নওগাঁর সান্তাহারের প্রয়াত মনছুরের ছেলে শহিদুল ইসলাম (৬০)। 

এতে ভ্যানের চালকসহ আহত হয়েছেন অন্তত তিনজন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। 

ওসি ফরিদুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, একটি টাইলস কারখানায় কাজ করে অটোভ্যানযোগে বাড়ি ফিরছিলেন কয়েকজন। ছোট রাস্তা থেকে বড় রাস্তায় ওঠার সময় ভ্যানে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। তখন নওগাঁ থেকে বগুড়াগামী গরুবাহী একটি ট্রাক তাদের ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান। বাকি তিনজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে হাসপাতালে পাঠানো হয়েছে। 

ওসি আরও বলেন, “নিহতদের মরদেহ মর্গে পাঠানো হয়েছে।  তবে ট্রাকটি আটক করা যায়নি। আমাদের টিম ঘটনাস্থলে কাজ করছে।”