২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে জমির বিরোধে হিন্দুদের বাড়িতে হামলা-লুটের অভিযোগ, মানববন্ধন

ভুক্তভোগী লোকজন নিরাপত্তা চেয়ে আবেদন করেন জেলা সদরের অস্থায়ী সেনা ক্যাম্পে।

চাঁপাইনবাবগঞ্জে জমির বিরোধে হিন্দুদের বাড়িতে হামলা-লুটের অভিযোগ, মানববন্ধন
দুই গ্রামের বাসিন্দাদের বিরোধের মাঝখানে হিন্দু অধ্যুষিত গোঙ্গলপুর গ্রামে বসতবাড়িতে হামলা চালানো হয়।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2024, 12:14 AM

Updated : 10 Sep 2026, 12:23 PM

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জমির বিরোধের জেরে হিন্দু সম্প্রদায়ের সাতটি বাড়ি-ঘরে হামলা চালিয়ে ভাঙচুর, গয়না ও  টাকা-পয়সা  লুটসহ অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। 

ঘটনার ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও আইন-শৃঙ্খলা বাহিনী কোনো পদক্ষেপ না নেওয়ার অভিযোগে ভুক্তভোগী অর্ধশতাধিক নারী-পুরুষ নিরাপত্তার দাবিতে বৃহস্পতিবার বিকালে চাঁপাইনবাবগঞ্জ প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছেন।

গোমস্তাপুরের ইউপি চেয়ারম্যান জামাল উদ্দিন বলেন, “নয়াদিয়াড়ি গ্রামের উলা উদ্দিন শ্রী শ্যাম রায়  মহন্ত স্টেটের জমি ২০২১ থেকে ২০৩২ সাল পর্যন্ত ইজারায় নিয়ে চাষাবাদ করে আসছেন। উলা উদ্দিন স্থানীয় আওয়ামী লীগ নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান হুমায়ুন রেজার সমর্থক।  

আওয়ামী লীগ সরকার পতনের পর গোমস্তাপুরের সদ্য সাবেক উপজেলা চেয়ারম্যান আশরাফুল ইসলামের ইন্ধনে স্থানীয় বিএনপির একটি পক্ষ ও বেলডাঙ্গা গ্রামের লোকজন ওই জমি দখল করে ধান কাটার চেষ্টা করেন।

এ নিয়ে উভয় পক্ষের মধ্যে গত ১৫ দিন ধরে উত্তেজনা বিরাজ করছিল। এর আগে সংঘর্ষে উভয় পক্ষের চারজন আহতও হয়েছেন।”

তিনি বলেন, “বুধবার বিকালে বেলডাঙ্গা গ্রামের লোকজন নয়াদিয়াড়ি গ্রামের উলা উদ্দিনের লোকজনের ওপর হামলা করতে যান। কিন্তু দুই গ্রামের বাসিন্দাদের বিরোধের মাঝখানের হিন্দু অধ্যুষিত গোঙ্গলপুর গ্রামে হামলা চালানো হয়।    

“গ্রামের সাতটি বাড়িঘরে হামলা ও ভাঙচুর, তিনটি বাড়ি ঘরের আসবাবপত্র ভেঙে গয়না, টাকা-পয়সা লুটপাট, একটি পাওয়ার টিলার ও দুটি রিকশাভ্যান ভাঙচুর ছাড়াও খড়ের গাদায় অগ্নিসংযোগ করা হয়।”  

ক্ষতিগ্রস্ত শ্রীমতি চিন্তা রানী মল্লিক বলেন, “গোঙ্গলপুর গ্রামটি বিরোধপূর্ণ জমির পাশেই দুই গ্রামের মাঝখানে অবস্থিত। এই বিরোধে গোঙ্গলপুর গ্রামের লোকজন কোনো পক্ষেই ছিলেন না। ক্ষতিগ্রস্ত হিন্দুরা কেবল ওই জমিতে দিনমজুরের কাজ করত।”

ক্ষতিগ্রস্ত সুবল মল্লিক বলেন, “হামলাকারীরা সাত-আটটি ঘরের টিনের চালে হাতবোমা ছুড়ে মারে, আমার রিকশাভ্যান আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। বাড়িঘরে ঢুকে ভাঙচুর শেষে ঘরে থাকা টিনের বড় বাক্স থেকে নগদ ৮০ হাজার টাকা লুট করে নিয়ে  গেছে।” 

এ ঘটনায় গোমস্তাপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন বলে তিনি জানান।

ক্ষতিগ্রস্ত রিপন সরেণ বলেন, “হামলাকারীরা ধানমাড়াই মেশিনে আগুন দেয় এবং বাড়ির টিনের বেড়া ক্ষতিগ্রস্ত করে।” 

এই ঘটনার পর থেকে গ্রামের হিন্দু সম্প্রদায়ের লোকজন আতঙ্কিত হয়ে পড়েছেন; নিরাপত্তাহীনতায় ভুগছেন।  

হিন্দু সম্প্রদায়ের লোকজনের অভিযোগ, ঘটনার ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও ঘটনাস্থলে যায়নি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

গোমস্তাপুর থানার ওসি খাইরুল বাশার বলেন, “রহনপুর মোহন্ত এস্টেটের দেবোত্তর সম্পত্তির ৪৪২ বিঘা জমি নিয়ে দুটি পক্ষের মধ্যে বিরোধ চলে আসছে দীর্ঘদিন থেকে। মোহন্ত ক্ষিতিশ চন্দ্র আচারি নয়াদিয়াড়ি গ্রামের উলা উদ্দিনের কাছে ২০২১ থেকে ২০৩২ সাল পর্যন্ত ওই জমি ইজারা দিয়েছেন বলে জানা গেছে। উলা উদ্দিন আওয়ামী লীগ নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান হুমায়ুন রেজার সমর্থক। কিন্তু সরকার পরিবর্তনের পর বেলডাঙ্গা গ্রামের কিছু লোক ওই জমিগুলো দখলের চেষ্টা করছেন। আর এদের পেছনে অন্য রাজনৈতিক দলের একটি পক্ষ মদদ দিচ্ছে।” 

১৫ দিন ধরে জমি নিয়ে এ বিরোধ চলছে জানিয়ে তিনি বলেন, “বুধবারের ঘটনায় মামলা হয়েছে।” 

এদিকে, ভুক্তভোগী হিন্দু সম্প্রদায়ের অর্ধশতাধিক নারী-পুরুষ নিরাপত্তার দাবিতে বৃহস্পতিবার বিকালে চাঁপাইনবাবগঞ্জ প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছেন।

এতে বক্তব্য দেন শ্রী সুবল মল্লিক, শোভা রানী, অঞ্জলি রানী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি ডাবলু কুমার ঘোষ, সাধারণ সম্পাদক শ্রী ধনঞ্জয় চ্যাটার্জী। 

পরে হিন্দু সম্প্রদায়ের ভুক্তভোগী লোকজন নিরাপত্তা চেয়ে আবেদন করেন জেলা সদরের অস্থায়ী সেনা ক্যাম্পে।

এ ব্যাপারে জমি নিয়ে বিবাদবাদ দুটি পক্ষের বক্তব্য জানার চেষ্টা চলছে।