টাঙ্গাইলে ছেলের বাঁশের লাঠির আঘাতে বৃদ্ধের মৃত্যুর অভিযোগ
পারিবারিক কলহের জেরে পিতাপুত্রের মাঝেমধ্যেই ঝগড়াঝাঁটি হতো।
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় ছেলের বাঁশের লাঠির আঘাতে এক বৃদ্ধ খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
শনিবার সকাল সাড়ে ৯টায় উপজেলার রসুলপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের হামকুড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে ধলাপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মাহফুজ আলম জানিয়েছেন।
নিহত ৭০ বছর বয়সী আরশেদ আলী ওই এলাকার বাসিন্দা। তার ছেলে আসলাম শেখ (৩০) ঘটনার পর থেকে পলাতক।
স্থানীয়দের বরাতে মাহফুজ আলম বলেন, পারিবারিক কলহের জেরে পিতাপুত্রের মাঝেমধ্যেই ঝগড়াঝাঁটি হতো। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে ঝগড়ার এক পর্যায়ে বাঁশের লাঠি দিয়ে বাবা আরশেদ আলী শেখের মাথায় আঘাত করে আসলাম শেখ।
পরে গুরুতর আহত অবস্থায় আরশেদ আলীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার আগেই তিনি মারা যান।
মাহফুজ আলম আরও বলেন, এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন ও আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
