পঞ্চগড় সীমান্তে নারী-শিশুসহ আরও ২১ জনকে ঠেলে দিল বিএসএফ
ভারতের গুজরাটে আটকের পর তাদের বিমানে করে প্রথমে কলকাতায় এবং পরে বাংলাদেশে ‘পুশইন’ করা হয় বলে জানায় বিজিবি।
পঞ্চগড়ের সদর উপজেলা সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ২১ জনকে ‘পুশইন’ করেছে ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী-বিএসএফ।
বৃহস্পতিবার ভোরে উপজেলার হাড়িভাসা ইউনিয়নের বড়বাড়ী সীমান্ত থেকে তাদের আটক করা হয় বলে জানান বিজিবি নীলফামারী-৫৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা।
আটকদের মধ্যে ছয়জন নারী, দুইজন পুরুষ ও ১৩ জন শিশু।
আটকরা হলেন- আলেয়া (৫৫), রব্বিল ফকির (২২), রোজি (৩৯), স্বপ্না (২৯), হেলেনা (২৭), শিমলা (১৯), শিমা (৩০)। বাকিরা শিশু ও কিশোর। তারা সবাই খুলনা ও নড়াইল জেলার বাসিন্দা।
লেফটেন্যান্ট কর্নেল বদরুদ্দোজা বলেন, “আটকরা দীর্ঘদিন ধরে ভারতে অবৈধভাবে অবস্থান করছিলেন। বুধবার ভারতের গুজরাট রাজ্য থেকে তাদের আটক করে দেশটির পুলিশ। পরে তাদেরকে বিমানে করে পশ্চিমবঙ্গের কলকাতায় নিয়ে আসা হয়।
“কলকাতা থেকে তাদের বাসে করে মধ্যরাতে ৯৩ বিএসএফ ব্যাটালিয়নের টিয়াপাড়া ক্যাম্পের সদস্যদের হস্তান্তর করা হয়। পরে বিএসএফ সদস্যরা তাদের সীমান্ত দিয়ে বাংলাদেশে ‘পুশইন’ করেন।”
এ ঘটনায় শিংরোড কোম্পানি ও ৯৩/শ্যাম বিএসএফ কোম্পানির মধ্যে কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে বলে জানান লেফটেন্যান্ট কর্নেল বদরুদ্দোজা।
আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান বিজিবির এই কর্মকর্তা।
এর আগে শুক্রবার রাত থেকে শনিবার দুপুর পর্যন্ত পঞ্চগড়ের বোদা উপজেলা সীমান্ত দিয়ে ১১ জনকে বাংলাদেশে ঠেলে দেয় বিএসএফ।
