Published : 28 Jul 2025, 03:01 PM
রাজবাড়ীর পাংশা উপজেলায় শোবার ঘরে সাপের কামড়ে এক কৃষকের মৃত্যু হয়েছে।
রোববার রাতে উপজেলার কসবামাজাইল ইউনিয়নের বড়খোলা গ্রামে এ ঘটনা ঘটে বলে ইউপি সদস্য মো. লিয়াকত আলী মোল্লা জানান।
মৃত মো. আক্কাস আলী মণ্ডল (৫০) বড়খোলা গ্রামের বাসিন্দা।
ইউপি সদস্য মো. লিয়াকত আলী বলেন, “রাতে ঘরে ঘুমাতে যান আক্কাস আলী। রাত ১১টার দিকে তার পায়ে কিছু কামড় দিয়েছে বলে স্ত্রীকে জানান। তখন স্ত্রী তাকে বলেন, ইদুর কামড়াতে পারে ঘুমাও।
“দুই ঘণ্টা পর যখন আক্কাস আলী বমি করতে শুরু করেন। তখন ঘরের আলো জ্বালিয়ে দেখেন ঘরের মধ্যে দুটি বিষধর সাপ। পরে স্থানীয় কবিরাজ ডেকে এনে ঝাড়ফুঁক করানো হয়। রাত ৩টার দিকে হাসপাতালে নেওয়ার পথে কৃষক আক্কাসের মৃত্যু হয়।”
এ বিষয়ে কসবামাজাইল ইউনিয়নের চেয়ারম্যান শাহরিয়ার সুফল মাহমুদের মোবাইল ফোনে একাধিকবার কল করে তা বন্ধ পাওয়া যায়।