১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

নারায়ণগঞ্জে আগুনে পুড়ল বাস, থানায় জিডি

“বাসটির লোহার বডি ছাড়া বাকি সবই পুড়ে গেছে।”

নারায়ণগঞ্জে আগুনে পুড়ল বাস, থানায় জিডি
নারায়ণগঞ্জের ফতুল্লায় স্টেডিয়ামের সামনে আগুনে পুড়ে যাওয়া বাস।

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2025, 08:02 PM

Updated : 26 Aug 2026, 05:09 PM

নারায়ণগঞ্জের ফতুল্লায় স্টেডিয়ামের সামনে পার্ক করে রাখা একটি বাস আগুনে পুড়ে গেছে বলে জানিয়েছে পুলিশ। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এ ঘটনায় ক্ষতিগ্রস্ত বাস মালিক থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

বুধবার ভোরে ইসদাইর এলাকায় ওসমানী পৌর স্টেডিয়ামের সামনে এ ঘটনা ঘটে বলে জানান ফতুল্লা মডেল থানার ওসি আনোয়ার হোসেন।

তিনি বলেন, বাসটিতে শিল্প মন্ত্রণালয়ের কর্মচারীদের ঢাকায় আনা-নেওয়া করা হয়। এর বাইরে ঢাকা-নারায়ণগঞ্জ পথে যাত্রীও পরিবহন করা হয়।

ওসি আনোয়ার বলেন, “রাতে বাসটি স্টেডিয়ামের সামনে পার্ক করা ছিল। ভোরে বাসটিতে আগুন দেখতে পেয়ে স্থানীয়রা তা নেভান। ততক্ষণে বাসটির সিটসহ ভেতরের অধিকাংশ পুড়ে গেছে।”

বাস মালিক বুলু দাস সাংবাদিকদের বলেন, “অন্য দিনের মত রাতে বাসটি রেখে চলে যান চালক। কারা আগুন দিয়েছে, তা বুঝতে পারছি না। বাসটির লোহার বডি ছাড়া বাকি সবই পুড়ে গেছে।”

ওসি আনোয়ার বলেন, “কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বা এর সহযোগী সংগঠনের কেউ এ ঘটনায় জড়িত কি-না সে বিষয়ে তদন্ত চলছে। কেননা, গতরাতে আশেপাশে কোথাও মিছিল বা অন্যকিছুর খবর পাইনি। তবে যারা এ ঘটনার সঙ্গে জড়িত তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।”