২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অব্যবস্থাপনায় ওয়েস্ট ট্রিটমেন্ট প্লান্টের সুফল পাচ্ছে না যশোর পৌরবাসী

অভিযোগ উঠেছে ময়লা প্রক্রিয়াকরণে চুক্তিবদ্ধ প্রতিষ্ঠান যথাযথ ভূমিকা না রাখায় পৌরবাসীর জনভোগান্তি এমন চরমে উঠেছে।

অব্যবস্থাপনায় ওয়েস্ট ট্রিটমেন্ট প্লান্টের সুফল পাচ্ছে না যশোর পৌরবাসী
অব্যবস্থাপনার কারণে প্লান্টে দিন দিন পাহাড়সম ময়লা জমেছে। তাতে পরিবেশ দূষণ হতে শুরু করেছে। দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় ভোগান্তিতে পড়ছেন স্থানীয়রা।

বিডিনিউজ২৪

শিকদার খালিদ, যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2025, 10:15 AM

Updated : 26 Aug 2026, 01:29 PM

যশোর পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র বা ওয়েস্ট ট্রিটমেন্ট প্লান্টটি ছিল সারা দেশে অনুকরণীয় ব্যবস্থা। কিন্তু অব্যবস্থাপনায় তা এখন ধ্বংসের পথে। প্লান্টের মতই বেহাল এ পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনার। 

অভিযোগ উঠেছে ময়লা প্রক্রিয়াকরণে চুক্তিবদ্ধ প্রতিষ্ঠান যথাযথ ভূমিকা না রাখায় পৌরবাসীর জনভোগান্তি এমন চরমে উঠেছে। 

পৌর পরিষদ বলছে, প্রতিষ্ঠানটির অনিয়ম তাদের নজরে পড়েছে, তারা প্রতিষ্ঠানটিকে সতর্কও করেছেন। 

বিপুল জনসংখ্যার প্রাচীন পৌরসভা যশোরের নাগরিক সেবার অন্যতম সংকট হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনা। তার জন্য ২০১৮ সালে এখানে স্থাপন করা হয় ওয়েস্ট ট্রিটমেন্ট প্লান্ট। 

বলা হয়েছিল এ প্লান্টে বাসা-বাড়ির পচনশীল বর্জ্য দিয়ে তৈরি হবে জৈব সার ও বায়োগ্যাস। প্লান্টটির বিদ্যুৎ চাহিদাও বায়োগ্যাস থেকে পূরণ হবে। কিন্তু দ্যা স্কেট লিমিটেড নামে একটি বেসরকারি প্রতিষ্ঠানকে ২০ বছরের চুক্তিতে প্লান্টটি লিজ দিয়ে সেই সুবিধা পাচ্ছে না পৌরসভা। 

দ্যা স্কেটের সঙ্গে চুক্তি হয় ছিল, পৌরসভার বর্জ্য যাতে ভাগাড়ে জমে না থাকে সেভাবে প্রক্রিয়া করার। কিন্তু প্রতিষ্ঠানটি শুরু থেকেই সেই শর্তে চলেনি।

বরং জৈব সার তৈরিতে তারা পৌরসভার বর্জ্য নয়, গোবর ও মুরগির বিষ্টার ওপর গুরুত্ব দেয়। ফলে ওই প্লান্টে দিন দিন পাহাড়সম ময়লা জমেছে। তাতে পরিবেশ দূষণ হতে শুরু করেছে। দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় ভোগান্তিতে পড়ছেন স্থানীয়রা।  

এছাড়া শহর জুড়ে ডাস্টবিন ছড়িয়ে ছিটিয়ে থাকলেও ময়লা-আবর্জনা পরিস্কার হয় না নিয়মিত। নিজেদের ইচ্ছা মত কাজ করে পরিচ্ছন্নতা কর্মীরা। 

এ বিষয়ে পৌরসভার সহকারী প্রকৌশলী কামাল হোসেন বলেন, “পৌরসভার বর্জ্যে অপচনশীল যেগুলো আছে শেলের মধ্যে ফেলে দিতে হবে। আর পচনশীল যেগুলো আছে তা দিয়ে সার তৈরি করতে হবে-এটিই নিয়ম। 

“এবং স্কেট লিমিটেডকে বলা হয়েছে বাড়ি বাড়ি থেকে যে ময়লা নেয় সেগুলো সরাসরি কম্পোজ প্লান্টে ফেলবে। রাস্তা-ঘাটে আমাদের কোনো ডাস্টবিনে পড়বে না। কিন্তু এর মধ্যে এসব বিষয়ে দ্য স্কেট লিমিটেডের কিছু ত্রুটি-বিচ্যুতি আমাদের কাছে ধরা পড়েছে।”

তিনি আরও বলেন, “আমরা তাদেরকে চিঠি দিয়েছি সেগুলো সংশোধন করার। অতি শিগগির তারা যেন আমাদের পৌরসভা নিয়ম অনুযায়ী ময়লার বিষয়ে কাজ করে।”

পৌরসভার সাবেক প্যানেল মেয়র মোকসিমুল বারী অপু বলেন, “যশোর পৌরসভার মতো এমন ওয়েস্ট ট্রিটমেন্ট প্লান্ট ওই সময় দেশে আর ছিল না। বিশেষজ্ঞরা তখন বলেছিলেন ডাস্টবিন ও মানব বর্জ্য থেকে উন্নত জৈব সার ও বায়োগ্যাস তৈরি সম্ভব। বিভিন্ন সিটি করপোরেশন ও পৌরসভা থেকে কর্মকর্তারা এটি দেখতে আসতো।”

তিনি আরও বলেন, “অর্থদাতা সংস্থার শর্ত ছিল এটা বেসরকারি প্রতিষ্ঠান দিয়ে পরিচালনা করতে হবে। কিন্তু ওই সময় কম সময়ের জন্য কোনো প্রতিষ্ঠান এ প্লান্ট লিজ নিতে আগ্রহী হয়নি। এ কারণে দীর্ঘ মেয়াদে লিজ দিতে হয়।”

তবে যশোর পৌরসভার নাম প্রকাশে অনিচ্ছুক সাবেক এক কাউন্সিলর বলেন, এতো দীর্ঘ মেয়াদে কাউকে ওই প্লান্ট লিজ দেওয়ায় পৌর পরিষদের অধিকাংশেরই মত ছিল না। তারপরও কোনো টাকা ছাড়া কেন দেওয়া হবে- সেই প্রশ্নও ছিল। 

তৎকালীন পৌর মেয়রের ব্যক্তিগত স্বার্থেই প্লান্টটি এভাবে দীর্ঘমেয়াদের লিজ দেওয়া হয়েছিল অভিযোগ করে তিনি বলেন, পৌরসভার মাসিক মিটিংয়ে এসব আলোচনা হলেও কোনো সিদ্ধান্ত হয়নি। কিন্তু পরে জানতে পারেন প্লান্টটিকে ২০ বছরের জন্য একটি প্রতিষ্ঠানকে লিজ দেওয়া হয়েছে।

এসব বিষয়ে দ্যা স্কেট লিমিটেডের ব্যবস্থাপক সোহেল রেজা বলেন, “এ প্লান্টে প্রতিদিন ৭০ টন ময়লা জমে, তা শতভাগ সেগ্রিগেশন বা আলাদা করা ম্যানুয়ালি সম্ভব না। এ কারণে এটা বাড়তেছে।”

তিনি আরও জানান, লিজ গ্রহিতা প্রতিষ্ঠানটি বেসরকারি একটি সার কোম্পানি এসিআইর সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে। তাদের চাহিদা মাফিক উপাদান দিয়ে জৈব সার উৎপাদন করতে হয়। 

এ বিষয়ে ব্যবস্থাপক সোহেল বলেন,  “আমরা যেহেতু এসিআইর সঙ্গে চুক্তিবদ্ধ।তাদের একটা রিকোয়ারমেন্ট আছে স্পেশালভাবে। আসলে এ ধরনের ময়লা দিয়ে সার তো আর বাংলাদেশের কোথাও বানায় না। শুধু যশোর পৌরসভার ওয়েস্ট ট্রিটমেন্ট প্লান্টে এটা তৈরি হয়। তো ওদের ওই রিকোয়ারমেন্টের কারণে আমরা বিকল্প পদ্ধতিতে এর সঙ্গে মিক্স করে প্যাকেট করতেছি।”

যশোর পৌরসভার প্রশাসক রফিকুল হাসান বলেন, “কিছু কিছু অনিয়মতো ছিলই। আমরা তাদেরকে বলেছি। তাদের একটা চুক্তি ছিল বাড়ি বাড়ি থেকে বর্জ্যগুলো সংগ্রহ করা। সেগুলো তারা করতে পারছিল না। তাদেরকে বলেছি তারা এটা করুক। 

“তাদেরকে আমি এটা ছয় মাস আগে বলেছি। তারা এখনও এটা করতে পারেনি। তাদেরকে প্রয়োজনবোধে আবারও ডাকবো “

বিশ বছরের চুক্তির বিষয়ে তিনি বলেন, “এটা আগের মেয়রের সময়। আমি দেখেছি সে সময়ে পৌর পরিষদের মাসিক সভায় অনুমোদন করা। তাদের কাজের যদি এ রকম (অনিয়ম) থাকে চুক্তির বিষয়টা নিয়ে আমরা ভাববো। 

“এতো বছরের চুক্তি করে তারা যদি ২-৪ বছরের মধ্যে চুক্তির শর্ত প্রতিপালন না করে তাহলে কীভাবে তাদের বিরুদ্ধে আইনি একটা ব্যবস্থা নেওয়া যায়।”