সিরাজগঞ্জে গৃহবধূ হত্যায় স্বামীর প্রাণদণ্ড
পারিবারিক কলহের জেরে ২০১১ সালের ৩১ জুলাই চাঁদ মিয়া তার স্ত্রী তাহমিনাকে হত্যার উদ্দেশ্যে আঘাত করে।
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এক গৃহবধূ হত্যা মামলার রায়ে তার স্বামীকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
রোববার দুপুরে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এম আলী আহমেদ আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে আদালতের পেশকার মনোয়ারুল ইসলাম জানান।
দণ্ডিত চাঁদ মিয়া (৪০) উল্লাপাড়া উপজেলার এনায়েতপুর আশ্রয়ন প্রকল্প এলাকার মৃত কালু সরদারের ছেলে। রায়ে তাকে ১০ হাজার টাকা জরিমানা দিয়েছে বিচারক। অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
পেশকার মনোয়ারুল ইসলাম বলেন, পারিবারিক কলহের জেরে ২০১১ সালের ৩১ জুলাই রাতে চাঁদ মিয়া তাঁর স্ত্রী তাহমিনাকে হত্যার উদ্দেশ্যে আঘাত করে। পরে তাকে রক্তাক্ত ও আশঙ্কাজনক অবস্থায় প্রথমে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
চিকিৎসাধীন অবস্থায় ৮ অগাস্ট তিনি মারা যান। এ ঘটনায় তাহমিনার বাবা হানিফ আলী মোল্লা বাদী হয়ে উল্লাপাড়া মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। সাক্ষ্য প্রমাণ শেষে রায় প্রদান করেন বিচারক।
