২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় নকল দুধ তৈরির কারখানার সন্ধান, মালিককে এক বছরের জেল

এ ছাড়া মালিককে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2026, 06:52 PM

Updated : 26 Aug 2026, 05:33 PM

পাবনার বেড়া উপজেলায় নকল দুধ তৈরির কারখানার সন্ধান পাওয়া গেছে। পরে কারখানার মালিককে এক বছরের কারাদণ্ডের পাশাপাশি দুই লাখ টাকা জরিমানা করা হয়। 

সোমবার সকালে উপজেলার পেঁচাকোলা সরকারপাড়া এলাকায় ঘোষপাড়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বেড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূরেন মায়িশা খান।

দণ্ড পাওয়া জয়দেব ঘোষ (৪৫) ওই এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, গোপন খবর পেয়ে সকাল ৯টার দিকে কারখানায় অভিযান চালিয়ে বিপুল নকল দুধ ও দুধ তৈরির বিভিন্ন উপকরণ জব্দ করা হয়। এ সময় আটক করা হয় জয়দেব ঘোষকে।

এর আগে রোববার বিকালে একই এলাকায় অভিযানে চালিয়ে জড়িত কাউকে ধরা সম্ভব হয়নি। এজন্য ভোর থেকে সেখানে গোপনে অবস্থান নেয় পুলিশ।

পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ২০০৯-এর ৫০ ধারায় জয়দেবকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং দুই লাখ টাকা জরিমানা করা হয়; যা অনাদায়ে তাকে আরও তিন মাস কারাগারে থাকতে হবে।

নির্বাহী হাকিম নূরেন মায়িশা খান বলেন, অভিযানের সময় আটক ব্যক্তি নকল দুধ তৈরি ও বাজারজাত করার বিষয়টি স্বীকার করেছেন। জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে বেড়া মডেল থানার ওসি নিতাই চন্দ্র রায় ও পুলিশের একটি দল সহায়তা করেন।