Published : 03 Feb 2026, 09:34 PM
বগুড়ার শেরপুর উপজেলায় চার্জে থাকা মোবাইল ফোন বিস্ফোরণে পল্লী বিদ্যুতের এক কর্মচারীর বসতবাড়ি পুড়ে গেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার টাউন কলোনি মহল্লায় এ ঘটনা ঘটে বলে জানান শেরপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা বখতিয়ার উদ্দিন।
ক্ষতিগ্রস্ত এস এম খোকন শেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল অফিসের ইলেকট্রিশিয়ান।
এস এম খোকন বলেন, দুপুরে ব্যক্তিগত মোবাইল ফোন চার্জে দেওয়া অবস্থায় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে পাশে থাকা কাপড় থেকে আগুন দ্রুত পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। ঘটনার সময় বাড়ির কেউ ছিলেন না।
খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিসের দুটি ও বগুড়া সদর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নেয়।
আগুনে ৫০ হাজার টাকা, সাত ভরি স্বর্ণালংকার, টেলিভিশন, ফ্রিজসহ ঘরের সমস্ত আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে; এতে প্রায় ৩৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন দেখে প্রতিবেশীরা প্রথমে দূর থেকে পানি ছিটিয়ে নেভানোর চেষ্টা করেন। তবে বিদ্যুতের শর্ট সার্কিটের ভয়ে কেউ বাড়িতে প্রবেশ করতে সাহস পাননি।
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণার কথা জানিয়েছেন ফায়ার সার্ভিস কর্মকর্তা বখতিয়ার উদ্দিন।