কুমিল্লায় ‘ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে’ যুবক খুন
তার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে দাবি বাবার।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে খুন হয়েছেন যুবক।
বৃহস্পতিবার বিকালে উপজেলা সদরের দক্ষিণ ব্রাহ্মণপাড়া খানকা শরীফ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে বলে ব্রাহ্মণপাড়ায় থানার পরিদর্শক (তদন্ত) টমাস বড়ুয়া রাতে জানান।
নিহত শফিউল্লাহ (১৮) ওই এলাকার ডাব বিক্রেতা এরশাদ মিয়ার ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে টমাস বড়ুয়া বলেন, ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে ব্রাহ্মণপাড়া সদরে এরশাদ মিয়ার ছোট ছেলে সানাউল্লাহ সঙ্গে একই এলাকার এক ছেলের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে ওই ছেলে সানাউল্লাকে চর-থাপ্পড় মারেন।
বড় ভাই শফিউল্লাহ কয়েকজন লোক নিয়ে বিষয়টি জানতে গেলে কথা-বার্তার এক পর্যায়ে হৃদয় নামের ওই ছেলে ৭-৮ জনকে নিয়ে শফিউল্লাহকে ছুরিকাঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা শফিউল্লাহকে উদ্ধার করে ব্রাহ্মণপাড়া স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
সেখানে নিয়ে গেলে চিকিৎসক শফিউল্লাহকে মৃত ঘোষণা করেন।
নিহত শফিউল্লাহর বাবা এরশাদ মিয়া বলেন, “আমার ছেলেকে পরিকল্পিতভাবে হৃদয় ও তার সহযোগীরা ছুরিকাঘাত করে মেরে ফেলেছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।”
থানার পরিদর্শক টমাস বড়ুয়া বলেন, “নিহতের মৃতদেহ বর্তমানে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। শুক্রবার সকালে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় থানায় এখানো কোনো মামলা হয়নি।”
