২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজনৈতিক আনুগত্যের জন্য কলঙ্কিত হয়েছে পুলিশ: আইজিপি

ঈদে মানুষের সম্পত্তি ও বাসা-বাড়িতে চুরি, ছিনতাই রোধে সারাদেশে পুলিশের বিশেষ নজরদারি থাকবে বলে জানান বাহারুল আলম।

রাজনৈতিক আনুগত্যের জন্য কলঙ্কিত হয়েছে পুলিশ: আইজিপি
গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় শিল্পাঞ্চল-২ এর পুলিশ সুপার কার্যালয়ে বিশেষ কল্যাণ সভায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আইজিপি বাহারুল আলম।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2025, 03:15 PM

Updated : 26 Aug 2026, 12:01 PM

রাজনৈতিক আনুগত্যের জন্য পুলিশ কলঙ্কিত হয়েছে বলে মন্তব্য করেছেন মহাপরিদর্শক-আইজিপি বাহারুল আলম।

তিনি বলেছেন, “সরকারি কর্মকর্তা হিসেবে পুলিশের কোনো রাজনৈতিক আনুগত্য নেই। আমি বিএনপি, আওয়ামী লীগ বুঝি না। ৫ অগাস্টের আগে রাজনৈতিক আনুগত্যের জন্য কলঙ্কিত হয়েছে পুলিশ; যা মানুষের বিরুদ্ধে গেছে।”

বৃহস্পতিবার সকালে গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় শিল্পাঞ্চল-২ এর পুলিশ সুপার কার্যালয়ে বিশেষ কল্যাণ সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

রাজনৈতিক দলের আনুগত্য নিয়ে আইজিপি বলেন, “কিছু লোকের উচ্চাভিলাষ, অন্ধ ও অন্যায় আনুগত্যের জন্য এটা হয়েছে। তাদের ভুলের জন্য কাজ করতে গিয়ে মরতে হয়েছে। কাজ করতে গিয়ে আমাদের যে লোকগুলো মারা গেছে তাদের ভুলের জন্য জীবন দিতে হয়েছে। 

“এই দায়ভার যিনি জীবন দিয়েছেন তারতো নয়। এই দায়ভার যিনি অর্ডার করেছেন তার, তাকে অবশ্যই পানিশমেন্ট পেতে হবে। যারা এ অন্যায় করেছেন, তাদেরকে অবশ্যই পানিশমেন্ট পেতে হবে বলে আমি বিশ্বাস করি। সেইসঙ্গে যিনি বাধ্য হয়ে এই কাজ করেছেন আমার বিশ্বাস তিনি আদালত থেকে ন্যায়বিচার পাবেন।“

শিল্পখাতে অস্থিরতাসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির জন্য একটি মহল জড়িত মন্তব্য করে বাহারুল আলম বলেন, “বৈষম্যহীন বাংলাদেশ গড়তে অন্তর্ভুক্তি সরকার কাজ করছে। এখানে যাদের মধ্যে আঘাত লেগেছে বা সংক্ষুব্ধ তারা চাইছে, যেন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়, প্রশাসন ব্যর্থ হয়। কিন্তু তাদের প্রতিহত করাই আমাদের কাজ।”

ঈদযাত্রায় বিপুল সংখ্যক মানুষ রাজধানী ছাড়েন জানিয়ে তিনি বলেন, মানুষের সম্পত্তি ও বাসা বাড়িতে চুরি, ছিনতাই রোধে সারাদেশে বিশেষ নজরদারি থাকবে। তারপরও প্রত্যেককে বাড়িঘরে তালা দিয়ে প্রস্তুতি নিয়ে যাওয়ার কথা বলেন আইজিপি। 

এর আগে শিল্প পুলিশ সদস্যদের অংশগ্রহণে কল্যাণ সভায় পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক সিবগাতুল্লাহর সভাপতিত্বে ঢাকা রেঞ্জের ডিআইজি এ কে এম আওলাদ হোসেন, গাজীপুর মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ নাজমুল করিম খান এবং শিল্প পুলিশের ডিআইজি ইসরাইল হাওলাদার বক্তব্য দেন। 

এ সময় ডিআইজি আবু কালাম সিদ্দিক, গাজীপুর ইন্ডাস্ট্রিয়াল পুলিশের পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম এবং বিজিএমইয়ের প্রশাসক মো. আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।