২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরেক হত্যা মামলা

ময়মনসিংহে এর আগেও শেখ হাসিনার নামে একাধিক হত্যা মামলা হয়েছে।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2024, 11:13 PM

Updated : 26 Aug 2026, 10:28 AM

ছাত্র-জনতার আন্দোলনে ময়মনসিংহের ভালুকায় এক রাজমিস্ত্রী নিহতের ঘটনায় শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে।

রোববার দুপুরে ময়মনসিংহ জ্যেষ্ঠ বিচারিক হাকিমের ৮ নম্বর আমলী আদালতে মামলটি হয়েছে বলে আইনজীবী আজিজুল হক খান বলেন।

মামলার বাদী ভালুকা উপজেলার চাপড়বাড়ী এলাকার বাসিন্দা হৃদয় মাহমুদ জান্নাত।

মামলায় শেখ হাসিনা, ওবায়দুল কাদের ছাড়াও ৬৪ জন আসামির  নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাতনামা আসামি আছেন আরও ২০০ জন।

এজাহারনামীয় অন্য আসামিদের মধ্যে আছেন- ভালুকার সাবেক সংসদ সদস্য এমএ ওয়াহেদ, কাজিম উদ্দিন আহাম্মদ ধনু। 

ময়মনসিংহে শেখ হাসিনার নামে একাধিক হত্যা মামলা হয়েছে।

রাজমিস্ত্রী নিহতের ঘটনায় আদালতের বিচারক স্মরণিকা পাল মামলাটি আমলে নিয়েছেন জানিয়ে আইনজীবী আজিজুল হক বলেন, এ ঘটনায় থানায় আরও কোনো মামলা হয়েছে কিনা, তা আগামী ১৯ সেপ্টেম্বরের মধ্যে আদালতকে জানাতে ভালুকা থানার ওসিকে নির্দেশ দেওয়া হয়েছে।

ময়মনসিংহে শেখ হাসিনা-রেহানার বিরুদ্ধে ২ হত্যা মামলা

ময়মনসিংহে হাসিনাসহ ১১১ জনের বিরুদ্ধে হত্যা মামলার আবেদন

মামলায় করা অভিযোগের বরাতে আইনজীবী আজিজুল হক খান বলেন, গত ৪ অগাস্ট ছাত্র-জনতার আন্দোলনে আসামিদের নির্দেশে এবং প্রত্যক্ষ অংশগ্রহনে হামলায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে ভালুকার আইডিয়াল মোড় এলাকায় নিহত হন রাজমিস্ত্রী তোফাজ্জল হোসেন (২২)। 

তোফাজ্জল হোসেন নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার মাসকা ইউনিয়নের পিজাহাতি গ্রামের বাসিন্দা। 

তিনি ভালুকা উপজেলার পাশে শ্রীপুর থানাধীন নগর হাওলা এলাকায় ভাড়া বাসায় থেকে রাজমিস্ত্রীর কাজ করতেন।

মামলায় তোফাজ্জল হত্যার সঙ্গে আসামিরা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত বলে দাবি করা হয়েছে। ঘটনায় ন্যায় বিচার আশা করছে বাদী পক্ষ।