২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এসএসসি: ময়মনসিংহে পুনর্মূল্যায়ণে জিপিএ-৫ বেড়েছে ১৬৬, পাস আরও ২১০

পুনর্মূল্যায়ণে পাশের হার শতকরা ৫৮.২২ শতাংশ থেকে বেড়ে এখন হয়েছে ৫৮.৪২ শতাংশ।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2025, 07:14 PM

Updated : 26 Aug 2026, 01:33 PM

২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল পুনর্মূল্যায়ণে ময়মনসিংহ শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে ১৬৬ জন। একই সঙ্গে ফেল থেকে পাস করেছে ২১০ জন শিক্ষার্থী। 

রোববার এই ফলাফল প্রকাশ করা হয়েছে বলে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানান। 

তিনি বলেন, খাতা পুনর্মূল্যায়ণের জন্য বোর্ড কর্তৃপক্ষের কাছে মোট ৪৬ হাজার ৬৬৪টি আবেদন জমা পড়েছিল। এসব আবেদনের পরিপ্রেক্ষিতে তিন হাজার আটটি উত্তরপত্রে বিভিন্ন বিষয়ে নম্বর বৃদ্ধি পায়। এর মধ্যে এক হাজার ৫৯০টি আবেদনে শিক্ষার্থীদের গ্রেড পয়েন্ট পরিবর্তিত হয়। বাকি আবেদনগুলোতে নম্বর বাড়লেও গ্রেড পয়েন্ট অপরিবর্তিত থাকে।

আক্তারুজ্জামান আরও জানান, ফলাফল পুনর্মূল্যায়ণের কারণে বোর্ডের সামগ্রিক পাসের হার দশমিক ২০ শতাংশ বেড়েছে।

প্রাথমিকভাবে যখন ফলাফল ঘোষণা করা হয়েছিল তখন মোট পাস করা শিক্ষার্থীর সংখ্যা ছিল ৬১ হাজার ৪৫৬ জন। পুনর্মূল্যায়ণের পর এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬১ হাজার ৬৬৬ জনে। পাশের হার শতকরা ৫৮.২২ শতাংশ থেকে বেড়ে এখন হয়েছে ৫৮.৪২ শতাংশ।

অন্যদিকে, জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা আগে ছিল ছয় হাজার ৬৭৮ জন। পুনর্মূল্যায়ণের পর এই সংখ্যা এখন বেড়ে দাঁড়িয়েছে ছয় হাজার ৮৪৪ জনে।

২০২৫ সালের এসএসসি এবং সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছিল ১০ জুলাই। ১১ জুলাই থেকে শুরু হওয়া ফলাফল পুনর্মূল্যায়ণের জন্য আবেদনের শেষ তারিখ ছিল ১৭ জুলাই। 

ফলাফলে কেন এমন ত্রুটি হয় সে বিষয়ে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মুহাম্মদ শহীদুল্লাহ বলেন, সাধারণত যে সব শিক্ষকরা পরীক্ষার খাতা মূল্যায়ন করেন তাদের কিছু ভুলের কারণে এমনটা হয়ে থাকে। প্রথম, দ্বিতীয় পরীক্ষক ও প্রধান পরীক্ষক নম্বরপত্র হিসাব নিকাশ করে চূড়ান্ত করে বোর্ডে পাঠায়। 

তিনি আরও বলেন, নম্বর যোগের ক্ষেত্রে এবং ওএমআর শিটে ভুল বৃত্ত ভরাটের কারণে ফলাফলে ত্রুটি দেখা দেয়। এক্ষেত্রে বোর্ড কর্মকর্তাদের কোনো দায় নেই বলে দাবি করেন তিনি।