১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ে সর্বাত্মক কর্মবিরতি

দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানান শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2024, 04:05 PM

Updated : 26 Aug 2026, 09:54 AM

সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মত শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের সর্বাত্মক কর্মবিরতি চলছে।

সোমবার সকাল থেকে দেশজুড়ে ৩৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মসূচির অংশ হিসেবে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিও বিশ্ববিদ্যালয়ে সর্বাত্মক কর্মবিরতি পালন করছে। 

এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশনের উদ্যোগে একই দাবিতে আধা দিবস কর্মবিরতি পালন করছেন। 

তবে কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশনের আন্দোলনের বাইরে রয়েছে পরিবহন ও বিদ্যুতের মত জরুরি সেবা।

শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান পরাণ বলেন, “সংগঠনের ৮৩ জন সদস্য সবাই যার যার ডেস্কে অবস্থান করে কর্মবিরতি পালন করছেন। 

“এ সময়ে তারা বিশ্ববিদ্যালয়ের কোনো কাজে অংশ নিচ্ছেন না। এ ভাবেই ৭ জুলাই নাগাদ আন্দোলন চলবে। এর মধ্যে সরকার দাবি না মানলে পরে পুরো কর্মবিরতিতে যাব।”

শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি হাফসা আক্তার বলেন, “আমরা আশা করি সরকার আমাদের দাবি মেনে নেবে। আমরা এখন আন্দোলনে আছি। ক্লাসে যোগ দিচ্ছি না। বিশ্ববিদ্যালয়ের পাঠ, পরীক্ষা, প্রশাসনিক কাজ বন্ধ থাকবে।

দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানান তিনি।

আরও পড়ুন:

ঢাবির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান বয়কট করল শিক্ষক সমিতি