২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘূর্ণিঝড় সিত্রাং: সাতক্ষীরায় বৃষ্টির সঙ্গে বাড়ছে ঝড়ো হাওয়া

জেলায় ৭৮০ কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে। এর মধ্যে ৮০ কিলোমিটার বাঁধের ১০টি পয়েন্টে ঝুকিপূর্ণ অবস্থায় রয়েছে।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2022, 01:00 PM

Updated : 24 Oct 2022, 05:46 PM

উপকূলের দিকে ধেয়ে আসছে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় সিত্রাং। এর প্রভাবে সাতক্ষীরায় শুরু হওয়া বৃষ্টির সঙ্গে বাড়ছে ঝড়ো হাওয়া।

জেলায় সাত নম্বর বিপদ সংকেত চলছে, তবে তা আরও বৃদ্ধি পাবে বলে আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অফিস।

জেলা প্রশাসনের পক্ষ থেকে ঘূর্ণিঝড় সিত্রাং মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে জানানো হলেও এর মধ্যেই আইলা, সিডর, আম্পানের পরে আবার ঘূর্ণিঝড়ের খবরে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন সাতক্ষীরার উপকূলের মানুষ।

ষাটের দশকে তৈরি বেড়িবাঁধের ভঙ্গুর দশায় জোয়ারের পানিতে প্লাবনের আশঙ্কা করছেন উপকূলীয় অঞ্চল শ্যামনগর ও আশাশুনির প্রায় পাঁচ লাখ মানুষ।

সাতক্ষীরা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী রিপন জানান, জোয়ারের পানিতে সাতক্ষীরার উপকূলীয় এলাকার নদ-নদীতে স্বাভাবিকের চেয়ে পাঁচ থেকে আট ফুট উচ্চতায় জলোচ্ছ্বাস হওয়ার আশঙ্কা রয়েছে।

সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ূন কবির জানান, জেলায় পানি উন্নয়ন বোর্ডের দুটি বিভাগের ৭৮০ কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে। এর মধ্যে ৮০ কিলোমিটার বাঁধের ১০টি পয়েন্টে ঝুকিপূর্ণ অবস্থায় রয়েছে। বেড়িবাঁধের ভাঙ্গন এড়াতে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে ২০ হাজার জিও ব্যাগ মজুদ রাখা হয়েছে। ঝুকিপূর্ণ বেড়িবাঁধ এলাকায় জিও ব্যাগ ও রোলব্যাগ পাঠাতে বলা হয়েছে পানি উন্নয়ন বোর্ডকে।

জেলা প্রশাসক আরও জানান, সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলায় ১০৮টি এবং শ্যামনগর উপজেলায় ১০৩টি আশ্রয় কেন্দ্রসহ ৪৬টি শিক্ষা প্রতিষ্ঠান প্রস্তুত রাখা হয়েছে।

এছাড়া দুর্যোগ মোকাবেলায় জেলা প্রশাসনের পক্ষ থেকে শুকনো খাবার, প্রয়োজনীয় ঔষধ, সুপেয় পানিসহ প্রয়োজনীয় সহ ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।