গাজীপুরে কভার্ড ভ্যান-অটোরিকশা সংঘর্ষে নিহত বেড়ে ৪
হতাহতরা সবাই অটোরিকশার যাত্রী; তাদের মধ্যে মা ও ছেলে আছেন।
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় কভার্ড ভ্যানের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে চারজন দাঁড়িয়েছে; এতে আহত হয়েছেন আরও দুইজন। হতাহতরা সবাই অটোরিকশার যাত্রী।
শনিবার বেলা ১১টার দিকে কালিয়াকৈর-ফুলবাড়িয়া-মাওনা আঞ্চলিক সড়কের মেদি আশুলিয়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কালিয়াকৈর থানার ওসি শহিদুল ইসলাম।
নিহতরা হলেন- টাঙ্গাইলেন মির্জাপুর উপজেলার বংখুরি গ্রামের হাশেম মিয়ার স্ত্রী ফিরোজা বেগম (৪৫), একই গ্রামের নাসিমা বেগম ও তার ছেলে আসাদুল (১৮)। অন্যজনের পরিচয় জানা যায়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কালিয়াকৈর থেকে চারজন যাত্রী নিয়ে একটি অটোরিকশা শ্রীপুরের মাওনা চৌরাস্তার দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি কভার্ড ভ্যানের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ফিরোজা বেগম নিহত হন।
আহতদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক আসাদুলকে মৃত ঘোষণা করেন। পরে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে মারা যান আসাদুলের মা নাসিমা বেগম ও অপর এক অজ্ঞাত পুরুষ।
ওসি শহিদুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন:
