০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

গাজীপুরে কভার্ড ভ্যানের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে নিহত ৩

মুখোমুখি সংঘর্ষের পর অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং কভার্ড ভ্যানটি সড়কের পাশে পড়ে যায়।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 05 Sep 2026, 03:17 PM

Updated : 17 Sep 2026, 02:54 AM

গাজীপুরের কালিয়াকৈরে কভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে সিএনজিচালিত অটোরিকশার তিন আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন দুজন। 

শনিবার সাড়ে ১১টার দিকে কালিয়াকৈর-ফুলবাড়িয়া-মাওনা আঞ্চলিক সড়কের কাঞ্চনপুর চেয়ারম্যান বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান কালিয়াকৈর থানার ওসি শহিদুল ইসলাম। 

নিহতদের মধ্যে দুজন মা-ছেলে বলে জানা গেলেও তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, শনিবার সকালে কালিয়াকৈর থেকে চার জন যাত্রী নিয়ে সিএনজি অটোরিকশাটি শ্রীপুরের মাওনা চৌরাস্তার দিকে যাচ্ছিল। অটোরিকশাটি কালিয়াকৈর-ফুলবাড়িয়া-মাওনা আঞ্চলিক সড়কের কাঞ্চনপুর চেয়ারম্যান বাড়ি এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি কভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং কভার্ড ভ্যানটি সড়কের পাশে পড়ে যায়।

দুর্ঘটনায় অটোরিকশার চালকসহ পাঁচ জন গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় আরেকজন মারা যান। 

ওসি শহিদুল ইসলাম বলেন,  হতাহতদের পরিচয় শনাক্তে কাজ করা হচ্ছে।