২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোটা: রাজশাহীতে শিক্ষার্থীদের সঙ্গে আওয়ামী লীগের সংঘর্ষ, আহত ৫

ওসি বলেন, “পুলিশসহ আওয়ামী লীগের নেতাকর্মীদের ধাওয়া খেয়ে তারা পালিয়ে যায়।”

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2024, 01:44 PM

Updated : 10 Sep 2026, 12:12 PM

রাজশাহীতে কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। এ সময় হাতবোমার বিস্ফোরণ ঘটে। সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার বেলা সাড়ে ১০টার দিকে আন্দোলনকারীরা নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে মোড়ে জড়ো হতে থাকেন। তাদের অনেকের হাতে লাঠিসোঁটা ছিল।

এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়ো হয়ে তাদের ধাওয়া দেয়। শিক্ষার্থীরাও পাল্টা ধাওয়া দেয়। এ সময় বেশ কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটে। আওয়ামী লীগের নেতাকর্মীদের কয়েকজন আন্দোলনকারীদের ধরে মারধর করতে দেখা যায়।

এদিকে, শিক্ষার্থী ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের কারণে সাহেববাজার এলাকার দোকানপাট বন্ধ হয়ে যায়। মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।  

কিছু পরে সেখানে উপস্থিত হন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এ এইচ এম খায়রুজ্জামান লিটন। তিনি মাইকে আন্দোলনকারীদের বাড়ি ফিরে যাওয়ার আহ্বান জানান।

খায়রুজ্জামান লিটন বলেন, “আন্দোলন এখন ছাত্রদের হাতে নেই। বিএনপি-জামায়াত চক্র ছিনিয়ে নিয়েছে। তারা এখন অরাজকতা সৃষ্টির চেষ্টা করছেন। কিন্তু সেটি মেনে নেওয়া হবে না। দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে। আওয়ামী লীগের নেতাকর্মীরা বেশ কয়েকটি পয়েন্টে অবস্থান নিয়েছে। কোনোভাবেই কাউকে বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেওয়া হবে না।”

এ ছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহীর সমন্বয়ক রাফিন হাসান অর্নবও মাইকে শিক্ষার্থীদের চলে যেতে বলেন। 

এদিকে ‘কমপ্লিট শাটডাউন’ এর কারণে শহরে যানবাহন চলাচল কমে গেছে। এ ছাড়া অবরোধের কারণে রাজশাহী থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। তবে আন্তঃনগর বাস চলাচল করছে। 

অপরদিকে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বেশিরভাগ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের হল ছেড়ে চলে গেছেন।

বোয়ালিয়া থানার ওসি হুমায়ন কবীর বলেন, “আন্দোলনের নামে ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীরা লাঠিসোঁটা নিয়ে সাহেববাজার জিরো পয়েন্টে জড়ো হওয়ার চেষ্টা করে। পরে পুলিশসহ আওয়ামী লীগের নেতাকর্মীদের ধাওয়া খেয়ে তারা পালিয়ে যায়। শহরের পরিস্থিতি শান্ত রয়েছে।”