মুন্সীগঞ্জে ‘আধিপত্যের সংঘাতে’ ৩ জন গুলিবিদ্ধ
সংঘর্ষ-গোলাগুলির ঘটনার পর হোগলাকান্দি গ্রাম এখন পুরুষশূন্য।
মুন্সীগঞ্জ সদর উপজেলায় ‘আধিপত্য বিস্তারের জেরে’ দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ তিনজনসহ চারজন আহত হয়েছে।
শুক্রবার রাতে উপজেলার চরকেওয়ার ইউনিয়নের হোগলাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে বলে সদর থানার ওসি এম সাইফুল আলম জানিয়েছেন।
গুলিবিদ্ধ তিনজন হলেন- সাকিব মোল্লা (২৭), আকাশ মাঝি (২৫) ও মহিউদ্দিন মোল্লা (৩৫)। সংঘর্ষ-মারামারিতে সাব্বির মোল্লা (২৩) নামে আরেকজন আহত হয়েছেন।
আহতদের প্রথমে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে গুলিবিদ্ধ তিনজনকে ঢাকায় রেফার্ড করেন চিকিৎসকেরা।
সংঘর্ষের মধ্যে কয়েকটি ঘরবাড়ি ভাঙচুর করা হয়। ঘটনাস্থল থেকে ১৪টি ককটেল ও নয়টি গুলির খোসা উদ্ধার করে পুলিশ। এ ঘটনার পর হোগলাকান্দি গ্রাম এখন পুরুষশূন্য।
পুলিশ বলছে, জুমার নামাজ শেষে চরকেওয়ারের হোগলাকান্দি বড় মসজিদের পাশে জালাল মোল্লা গ্রুপের লোকজন জড়ো হয়েছিলেন। সেসময় চরকেওয়ার ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেলোয়ার হোসেন গাজীর লোকজনও সেখানে গেলে সংঘর্ষ শুরু হয়। উভয়পক্ষ ককটেল বিস্ফোরণের পাশাপাশি গুলি ছোড়ে। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ওসি সাইফুল আলম বলেন, সংঘর্ষ ও গোলাগুলির খবরে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত।
