Published : 15 Sep 2026, 01:33 PM
সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বিআরটিসি বাসের চাপায় পিষ্ট হয়ে বাইক আরোহী এক যুবকের প্রাণ গেছে।
মঙ্গলবার সকালে বংশীপুর লস্কর পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে শ্যামনগর থানার এসআই অনিরুদ্ধ জানান।
নিহত ৩১ বছর বয়সী শুভঙ্কর মণ্ডল খুলনার কয়রা উপজেলার মহেশ্বরীপুর গ্রামের দুর্গাপদ মণ্ডলের ছেলে।
এসআই অনিরুদ্ধ বলেন, “শ্যামনগরের হরিনগর গ্রাম থেকে বিয়ে সংক্রান্ত একটি কাজ শেষ করে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন শুভঙ্কর। পথে বংশীপুর এলাকায় খুলনাগামী বিআরটিসির একটি দ্রুতগতির বাস পেছন থেকে তার মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়।
“এতে শুভঙ্কর সড়কে ছিটকে পড়লে বাসটির পেছনের চাকা তার মাথার ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”
শ্যামনগর থানার ওসি সাফিউল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
সাতক্ষীরার সমাজকর্মী ও সাংবাদিক আব্দুল আহাদ বলেন, “ভেটখালী-সাতক্ষীরা সড়কটি সংস্কারের নামে কয়েক বছর ধরে খোঁড়াখুঁড়ি ও কর্দমাক্ত অবস্থায় থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটে। এ কারণে প্রাণ হারাতে হলো তরতাজা তরুণ শুভঙ্কর মণ্ডলকে। এ সমস্যার দ্রুত সমাধান করা জরুরি।”