২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বিড়িতে সুখ টান দিয়েও দাঁড়িপাল্লার দাওয়াত দিলে আল্লাহ মাফ করে দিতে পারে’

এই বক্তব্যের সমালোচনার পর ঝালকাঠি-২ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ফয়জুল হক আরেকটি ভিডিও দিয়েছেন।

ঝালকাঠি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2026, 09:24 PM

Updated : 26 Aug 2026, 05:32 PM

ঝালকাঠি-১ (রাজাপুর, কাঁঠালিয়া) আসনের জামায়াতে ইসলামীর প্রার্থীর একটি বক্তব্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা হচ্ছে। 

দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ফয়জুল হক বুধবার রাতে রাজাপুর উপজেলায় একটি উঠান বৈঠকে বলেন, “এমনও হইতে পারে, আমার ভাই হয়তো জীবনে কোনোদিন ইবাদত করার সুযোগ পায় নাই, তবে ওই সুখ টান দেওয়া বিড়ির মধ্যেও যদি সে ওই দাঁড়িপাল্লার দাওয়াত দিয়ে আল্লাহর দ্বারে কবুল হয়ে যায়। এমনও হইতে পারে পিছনের সব আল্লাহ মাফ করে দিয়ে তারে তো ভালোও করে দিতে পারে।” 

প্রায় ২ মিনিট ৬ সেকেন্ডের ওই ভিডিওটি বৃহস্পতিবার রাতে ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, ফয়জুল হক রাতের বেলায় খালি গলায় বক্তব্য দিচ্ছেন। তার আশপাশে কিছু নারী-পুরুষ বসে আছেন। তিনি তাদের উদ্দেশে কথা বলছেন। গ্রামের উঠানে আলো জ্বেলে সেই বৈঠকটি হয়।  

ফয়জুল হক বলেন, “আপনারা দৈনিক বিড়ি খান না, ৫-১০টা বিড়ি যে দোকান থেকে খাবেন, ওই দোকানে গিয়ে বিড়ি অর্ডার দেবেন আর লগলগে বিড়ি ধরিয়ে একটা সুখটান মাইরা বলবেন, কী খবরডা কী ক’ দেহি। কারবারডা কী, দেশের অবস্থা দেখছো, দাঁড়িপাল্লা ছাড়া এদেশে তো আর মানুষ দেখি না। শোনেন, আমি তো গল্পের ছলে বলি, তাই বলার কারণে আপনাদের আনন্দ লাগতেছে।

“আপনারা চা খান দোকানে গিয়ে? কার টাকায় চা খান? কয় টাকার চা খান? এখন থেকে পাঁচ টাকার চা খাবেন, ১৫ টাকার গপ্পো মারবেন। নিজে পাঁচ টাকার চা অর্ডার দিয়ে শুরু করবেন। এ আবু তালেব খবর কী শোনলাম, সব জায়গায় ড. ফয়জুলের দাঁড়িপাল্লার জয়জয়কার অবস্থা, কারবারডা কী। ঘটনা নাকি ঘটলডা কী।… এটা বলার পরে আশেপাশে আরো ৫-১০ জন থাকবে না? এই পেনাই আপনার বড় দরনের খেদমত যেটা আপনার ১০০ টাকা খরচ করে করা লাগবে না।

“এমনও হইতে পারে, আমার ভাই হয়তো জীবনে কোনোদিন ইবাদত করার সুযোগ পায় নাই, তবে ওই সুখ টান দেওয়া বিড়ির মধ্যেও যদি সে ওই দাঁড়িপাল্লার দাওয়াত দিয়ে আল্লাহর দ্বারে কবুল হয়ে যায়। এমনও হইতে পারে পিছনের সব আল্লাহ মাফ করে দিয়ে তারে তো ভালোও করে দিতে পারে।” 

এ সময় তিনি নারীদের উদ্দেশে করে বলেন, “জীবনে অনেক গপ্পো মারছেন, প্রত্যেকদিন বিকেলে উঠানে যাইয়া গপ্পো মারা, এরপর চুলের বিনি বাঁধা, একজন আরেকজনের মাথা আচড়াইয়া দেওয়া। কিন্তু আজকে থেকে একটা মাথাও আর ফ্রি আচড়াইবেন না। যাইবেন, ভাবির মাথায় চিরুনি রেখেই, পেনাপোডা শুরু করবেন দাঁড়িপাল্লার। 

“এতোদিন তোমার কথা শুনছি, মাথার উকুন এনে দিছি, আজকে থেকে তোমার কাছে আসলে তুমি আমার কথা শোনবা। তোমারে শোনাবো, তোমাকেও বলবো, তুমিও আরেকজনকে বলবা। আগামী নির্বাচনে অন্তত একবারের জন্য কায়েদা সাহেব হুজুরের নাতি ড. ফয়জুল হকরে রাজাপুর কাঁঠালিয়ায় দাঁড়িপাল্লায় ভোট দেবা। এরপর কমপক্ষে মা-বোন, আত্মীয়-স্বজন ২০ জন মহিলাকে ফোন দিয়ে ভোট দেওয়ার কথা বলবেন।” 

সেখানে তিনি নির্বাচনের দিনের দায়িত্ব-কর্তব্য নিয়েও কথা বলেন। 

এই ভিডিও নিয়ে সমালোচনার পর ফয়জুল হক শুক্রবার বিকালে ওই একই পেইজে আরেকটি ভিডিও পোস্ট করেছেন। 

সেখানে তিনি বলেছেন, “গ্রামে-গঞ্জে সব ধরনের ভোটার দাঁড়িপাল্লার রয়েছে। আমার বক্তব্য ছিল, বিড়ি খেয়েও আপনি দাঁড়িপাল্লার পক্ষে ভোট চাইতে পারবেন। আপনি যদি এমন করে দাঁড়িপাল্লার পক্ষে দাঁড়ান, হতে পারে আপনার জীবন পরিবর্তন হতে পারে। এবং সেটা দাঁড়িপাল্লার পক্ষে অবস্থান করার কারণে একটা সময় আল্লাহুতায়ালা চাইলে আপনাকে মাফ করে দিয়ে এই সঠিক পথে পরিচালিত করতে পারে। এমন একটি বক্তব্য ছিল, সেটা হয়ত মিসলিডিং করেছে বা বুঝতে ভুল করেছে। 

“এজন প্রার্থী সব শ্রেণি-পেশার মানুষকে নিয়েই বক্তব্য দেবেন। আল্লাহুতায়ালা চাইলে একটা সময় জীবনকে পরিচালিত করতে পারেন, নতুন করে তার জীবন ফিরিয়ে দিতে পারেন, সৎ পথে চালাতে পারেন। সুতরাং একজন বিড়ি খাওয়া মানুষ কি দাঁড়িপাল্লায় ভোট চাইতে পারবেন না? সেই জায়গা থেকে বলেছি, আল্লাহ চাইলেও ওই ব্যক্তিকে আমাদের পথে পরিচালিত করতে পারে। সব ধরনের মানুষকে আকৃষ্ট করে এই ধরনের বক্তব্য আমার আগেও ছিল, গতকালও ছিল, আগামীতেও থাকবে।” 

তিনি বলেন, “কিন্তু এখানেও কেউ যদি ভুল বুঝে থাকেন সেটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার। সেজন্য আমি আপনার কাছে আন্তরিকভাবে দুঃখপ্রকাশ করছি।”