হাদি হত্যা: ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে অবরোধ তুলেছেন বিক্ষুব্ধরা
বিক্ষুব্দরা অবরোধ তুলে নিলে যান চলাচলে গতি ফিরছে বলে জানান জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী।
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদিকে হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধের দেড় ঘণ্টা পর তা তুলে নিয়েছেন ছাত্র-জনতা।
রোববার বিকাল সাড়ে ৪টায় বিক্ষুব্ধরা অবরোধ তুলে নিলে যান চলাচলে গতি ফিরছে বলে জানান জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী।
এর আগে ৩টার দিকে সাইনবোর্ড এলাকায় বাঁশ ও কাঠ ফেলে অবরোধ শুরু করেন তারা। এ ছাড়া হাদি হত্যার বিচারের দাবিতে প্ল্যাকার্ড হাতে কয়েকজন মহাসড়কে বসে পড়েন।
এতে দেশের ব্যস্ততম মহাসড়কটির দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। দেখা দেয় তীব্র যানজট।
সে সময় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা কমিটির সদস্য জাবেদ আলম বলেন, “হাদির উপর হামলার বিচার সারা দেশের মানুষ চায়। সেই বিচার দ্রুত করার দাবিতেই আজ (রোববার) সবাই এখানে ব্লকেড কর্মসূচিতে আছি।”
অবরোধে এনসিপি ছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদেরও দেখা গেছে।
এদিকে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের একটি দল শুরু থেকেই ঘটনাস্থলে বিক্ষুধ্ব ছাত্র-জনতাকে নিভৃত করার চেষ্টা করেন। পরে পৌনে ৪টার দিকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম ফয়েজ উদ্দিন সাইনবোর্ড এলাকায় আসেন। তিনি অবরোধকারীদের সঙ্গে কথা বলে তাদের সড়ক ছেড়ে দিতে আহ্বান জানান।
আগের সংবাদ
